Author : Divyansh Kaushik

Published on Jun 11, 2025 Updated 0 Hours ago

আমাদের ডিজিটাল ভবিষ্যৎ সুরক্ষিত করা: আইএমইসির মধ্যে একটি সুরক্ষিত এবং সংযুক্ত এআই উদ্যোগের পক্ষে সওয়াল

আমাদের ডিজিটাল ভবিষ্যৎ সুরক্ষিত করা: আইএমইসির মধ্যে একটি সুরক্ষিত এবং সংযুক্ত এআই উদ্যোগের পক্ষে সওয়াল

বিশ্বব্যাপী ক্ষমতার লড়াই শুধু ঐতিহ্যবাহী পরিকাঠামো দিয়ে নয়, বরং বিভিন্ন দেশের ডিজিটাল স্থাপত্য দিয়ে ক্রমবর্ধমানভাবে সংজ্ঞায়িত হচ্ছে। ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ করিডোর (আইএমইসি), যা মূলত পরিবহণ ও জ্বালানি সরবরাহের জন্য তৈরি করা হয়েছিল, এখন তার ভূমিকা পুনর্নির্ধারণের একটি সুযোগ এসেছে। বর্তমান লেখক যুক্তি দেন যে ডিজিটাল নির্ভরতা মোকাবিলা এবং  জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য আইএমইসি-র মধ্যে নিরাপদ কৃত্রিম বুদ্ধিমত্তা পরিকাঠামো একীভূত করা অপরিহার্য। এটি কৌশলগত অংশীদারিত্ব জোরদার করার জন্যও প্রাসঙ্গিক — বিশেষ করে ভারত, মধ্যপ্রাচ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে। একটি সুরক্ষিত ও সংযুক্ত এআই উদ্যোগ (এসএএআইআই) আইএমইসি-র মধ্যে একটি গুরুত্বপূর্ণ নতুন ডিজিটাল স্তম্ভ হতে হবে, যা শক্তিশালী, সুরক্ষিত এবং গণতান্ত্রিকভাবে পরিচালিত এআই ডেটা সেন্টার স্থাপনের জন্য তৈরি করা হয়েছে।

কম খরচের প্রযুক্তি প্রায়শই উল্লেখযোগ্য নিরাপত্তা ঝুঁকি নিয়ে আসে, যে কারণে সর্ব-‌নিয়ন্ত্রণকারী জমানাগুলির হুয়াওয়ে ও জেডটিই-র মতো সংস্থাগুলির সরঞ্জাম নিয়ে বিশ্বব্যাপী বিতর্ক দেখা যায়।



আইএমইসি-তে এআই পরিকাঠামোর কৌশলগত গুরুত্ব: ডিজিটাল নির্ভরতার বিরুদ্ধে সুরক্ষা

কৃষি বিপ্লব সক্ষম করে এমন পথ থেকে শুরু করে শিল্প যুগের প্রবাহ পর্যন্ত পরিকাঠামোতে ঐতিহাসিক বিনিয়োগ সর্বদা সমাজকে রূপান্তরিত করেছে। আজ, সমুদ্রের তলদেশে কেবল এবং উন্নত ডেটা সেন্টার দ্বারা চালিত ডিজিটাল সংযোগ একই ভূমিকা পালন করে। তবে, ডিজিটাল প্রযুক্তির দ্রুত স্থাপনা কৌশলগত দুর্বলতাও তৈরি করেছে। সংযোগকে ত্বরান্বিত করার পাশাপাশি কম খরচের প্রযুক্তি প্রায়শই উল্লেখযোগ্য নিরাপত্তা ঝুঁকি নিয়ে আসে, যে কারণে সর্ব-‌নিয়ন্ত্রণকারী জমানাগুলির হুয়াওয়ে ও জেডটিই-র মতো সংস্থাগুলির সরঞ্জাম নিয়ে বিশ্বব্যাপী বিতর্ক দেখা যায়।

বর্তমান এআই যুগে নিরাপদ ডেটা সেন্টার হল স্নায়ু কেন্দ্র, যা জাতীয় নিরাপত্তা এবং অর্থনৈতিক উদ্ভাবনের জন্য গুরুত্বপূর্ণ বিপুল পরিমাণে ডেটার প্রক্রিয়াকরণ, সংরক্ষণ এবং বিশ্লেষণ করে। আইএমইসি-‌র জন্য নিরাপদ এআই পরিকাঠামো স্থাপন শুধুমাত্র একটি প্রযুক্তিগত আপগ্রেড নয় — এটি ডিজিটাল নির্ভরতা মোকাবিলা করার জন্য একটি কৌশলগত পথ যা নিশ্চিত করে যে প্রযুক্তিগত অগ্রগতি গণতান্ত্রিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এই সমন্বিত পদ্ধতি এও নিশ্চিত করে যে আইএমইসি একটি ঐতিহ্যবাহী পরিবহণ ও শক্তি করিডোর থেকে একটি ডিজিটাল পাওয়ার হাউসে বিকশিত হওয়ার পাশাপাশি এমন একটি ভিত্তির উপর কাজ করে যা কর্তৃত্ববাদী প্রভাব থেকে ঝুঁকি হ্রাস করে এবং গুরুত্বপূর্ণ ডেটা সম্পদ রক্ষা করে।

নিরাপদ এআই ডেটা সেন্টার কেন অপরিহার্য

বর্তমান বৈশ্বিক পরিস্থিতি সম্ভাব্য প্রতিপক্ষের বিরুদ্ধে আমাদের ডিজিটাল সম্পদ সুরক্ষিত করার একটি জরুরি প্রয়োজন তুলে ধরে। গত দশক ধরে চিনা কোম্পানিগুলি বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ পরিকাঠামো স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। উদাহরণস্বরূপ, ৫জি নেটওয়ার্কের বিশ্বব্যাপী প্রবর্তনে হুয়াওয়ে কেন্দ্রীয় ভূমিকা পালন করেছে। তবে,
গুপ্তচরবৃত্তির জন্য পিছনের দরজা সম্পর্কে উদ্বেগের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের কিছু অংশে এর প্রযুক্তি বারবার যাচাই ও সীমাবদ্ধ করা হয়েছে। একইভাবে, চিনা সরকারের সঙ্গে জেডটিই-র ঘনিষ্ঠ সম্পর্ক তার টেলিযোগাযোগ সরঞ্জামের নিরাপত্তা সম্পর্কে উদ্বেগ তৈরি করেছে, যার ফলে বেশ কয়েকটি দেশ এর উপর বিধিনিষেধ আরোপ করেছে।

এই ঘটনাগুলি দ্রুত ডিজিটাল স্থাপনার দ্বৈত প্রকৃতি তুলে ধরে: কম খরচের প্রযুক্তি সংযোগকে ত্বরান্বিত করলেও এটি দুর্বলতাও নিয়ে আসে। এআই-তে, ডেটা সেন্টারগুলি হল নতুন স্নায়ু কেন্দ্র যেখানে সংবেদনশীল ডেটা সংরক্ষণ এবং প্রক্রিয়াজাত করা হয়। শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা ছাড়া, এই সুবিধাগুলি অনুদারনৈতিক কর্তৃত্ববাদী অ্যাজেন্ডাযুক্ত দেশগুলির জন্য — বিশেষ করে গণপ্রজাতন্ত্রী চিন (পিআরসি)-এর জন্য — গুরুত্বপূর্ণ এআই গবেষণা এবং মালিকানাধীন অ্যালগরিদম প্রাপ্তির প্রবেশপথ হয়ে উঠতে পারে।

জাতীয় নিরাপত্তা, অর্থনৈতিক বৃদ্ধি এবং বিশ্বব্যাপী প্রভাবে এআই-এর কৌশলগত গুরুত্ব বিবেচনা করে, এইগুলি অপরিহার্য:

পিআরসি প্রযুক্তির বিকল্প উপস্থাপন করা: ‌এমন নিরাপদ, সার্বভৌম ডেটা সেন্টার তৈরি করে, যা গণতান্ত্রিক শাসনব্যবস্থা এবং কঠোর সাইবার নিরাপত্তা প্রোটোকল মেনে চলে, যেখানে আমরা নিশ্চিত করতে পারি যে সংবেদনশীল এআই ডেটা ও উদ্ভাবনগুলি সম্ভাব্য হেরফের বা গুপ্তচরবৃত্তি থেকে মুক্ত থাকে।

উন্নত তদারকি: একটি স্বচ্ছ, নিয়ন্ত্রিত পরিবেশ প্রযুক্তি স্থানান্তর সম্পর্কিত ঝুঁকি হ্রাস করবে। সংযুক্ত আরব আমিরশাহি (ইউএই)-‌র সংস্থা জি৪২ এর সঙ্গে মাইক্রোসফটের ১.৫ বিলিয়ন মার্কিন ডলারের এআই অংশীদারিত্ব সহ বেশ কয়েকটি প্রধান অংশীদারিত্বে এই ধরনের রক্ষণাবেক্ষণ বিদ্যমান।

ডিজিটাল নির্ভরতার ক্রমবর্ধমান জোয়ার

সাম্প্রতিক
প্রমাণগুলি উদ্বেগজনক প্রবণতা প্রকাশ করেছে। ২০২০ সাল থেকে ৭০ শতাংশেরও বেশি দেশ যারা চিনা এআই নজরদারি ব্যবস্থা স্থাপন করেছে, তাদের ডিজিটাল গোপনীয়তা সুরক্ষা হ্রাস পেয়েছে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই)-‌এর মতো উদ্যোগের অধীনে প্রায় ৮৩ শতাংশ প্রযুক্তি চুক্তিতে বাধ্যতামূলক ডেটা-শেয়ারিং বিধান অন্তর্ভুক্ত রয়েছে। আফ্রিকায়, ৫৪টি দেশের মধ্যে ৩৭টিতে চিনা সংস্থাগুলি গুরুত্বপূর্ণ ডিজিটাল পরিকাঠামো নিয়ন্ত্রণ করে — যা ২০১৯ সালের ২১টি দেশের তুলনায় এক উল্লেখযোগ্য বৃদ্ধি।

আইএমইসি-‌র কৌশলগত, ভৌগোলিক এবং অর্থনৈতিক গুরুত্ব এটিকে এসএএআইআই-এর জন্য আদর্শ বাহন করে তোলে — গণতান্ত্রিক সহযোগিতার জন্য একটি নিরপেক্ষ প্ল্যাটফর্ম প্রদানের পাশাপাশি মূল বাজার এবং প্রযুক্তিগত কেন্দ্রগুলিকে সংযুক্ত করে।


এই পরিসংখ্যানগুলি ইঙ্গিত দেয় যে দ্রুত ডিজিটাল স্থাপনা তাৎক্ষণিক সংযোগের চাহিদা পূরণ করলেও, এটি এমন নির্ভরতাও তৈরি করে যা জাতীয় সার্বভৌমত্ব এবং ব্যক্তিগত গোপনীয়তাকে ঝুঁকির মধ্যে ফেলে।

এআই যুগের জন্য আইএমইসি-‌র পুনর্কল্পনা

আইএমইসি
বিশ্বব্যাপী মোট দেশজ উৎপাদনের ৩৫ শতাংশেরও বেশির প্রতিনিধিত্বকারী অঞ্চলগুলিকে অন্তর্ভুক্ত করে, এবং অঞ্চলটি একটি শক্তিশালী প্রযুক্তি কর্মীবাহিনীর আবাসস্থল। একটি নিরাপদ ডিজিটাল করিডোরে রূপান্তরের প্রশ্নে এর ঐতিহ্যবাহী পরিকাঠামো অত্যাধুনিক এআই উদ্ভাবনের সঙ্গে সংযুক্ত করার জন্য অনন্যভাবে অবস্থান করে। আইএমইসি-‌র কৌশলগত, ভৌগোলিক এবং অর্থনৈতিক গুরুত্ব এটিকে এসএএআইআই-এর জন্য আদর্শ বাহন করে তোলে — গণতান্ত্রিক সহযোগিতার জন্য একটি নিরপেক্ষ প্ল্যাটফর্ম প্রদানের পাশাপাশি মূল বাজার এবং প্রযুক্তিগত কেন্দ্রগুলিকে সংযুক্ত করে।

এই দৃষ্টিভঙ্গিতে, ভারতের গতিশীল প্রযুক্তি ক্ষেত্র এবং নিরাপদ এআই উন্নয়নে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্ব একটি শক্তিশালী অংশীদারিত্ব গঠন করে। আইএমইসি-তে এসএএআইআই-কে একীভূত করে, এই উদ্যোগটি ভারতের ক্রমবর্ধমান ডিজিটাল প্রভাব এবং সাইবার নিরাপত্তা ও এআই উদ্ভাবনে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষতাকে কাজে লাগায়, যার ফলে দুই দেশের মধ্যে কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার হয়। এই অংশীদারিত্ব আইএমইসি প্রকল্পকে শক্তিশালী করে এবং ডিজিটাল সার্বভৌমত্ব রক্ষায় আন্তর্জাতিক সহযোগিতার জন্য একটি মডেল সরবরাহ করে। এই অনন্যভাবে অবস্থিত বিস্তৃত নেটওয়ার্ক ঐতিহ্যবাহী ভৌত পরিকাঠামো থেকে একটি শক্তিশালী ডিজিটাল বাস্তুতন্ত্রে রূপান্তরকে সমর্থন করে। সাম্প্রতিক অংশীদারিত্ব, যেমন সংযুক্ত আরব আমিরশাহিতে ১.৫ বিলিয়ন মার্কিন ডলারের মাইক্রোসফট-জি৪২ চুক্তি, যা কঠোর ডেটা সার্বভৌমত্বের মান বজায় রেখে কয়েক বিলিয়ন ডলারের অর্থনৈতিক কর্মকাণ্ড তৈরি করবে, তা একটি গণতান্ত্রিক বিকল্পের কার্যকারিতা প্রদর্শন করে।

এআই সার্বভৌমত্বের জন্য একটি নতুন নীলনকশা: সিকিওর অ্যালাইনড এআই ইনিশিয়েটিভ (এসএএআইআই)

আইএমইসি-এর প্রস্তাব হিসাবে সিকিওর অ্যান্ড অ্যালাইনড এআই ইনিশিয়েটিভ (এসএএআইআই) শুধু আরেকটি প্রযুক্তিগত প্রকল্প নয় — এটি এমন এক যুগে প্রযুক্তিগত সার্বভৌমত্ব পুনরুদ্ধারের একটি সাহসী দৃষ্টিভঙ্গি যেখানে অগণতান্ত্রিক ডিজিটাল ব্যবস্থা দ্রুত সম্প্রসারিত হচ্ছে। এসএএআইআই কর্তৃত্ববাদী প্রযুক্তির  ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলা করার জন্য, এবং এআই পরিকাঠামো যাতে গণতান্ত্রিক মূল্যবোধ পরিবেশন করে তা নিশ্চিত করার জন্য পরিকল্পনা করা হয়েছে। এর প্রস্তাবিত স্থাপত্যে তিনটি পরস্পর নির্ভরশীল স্তম্ভ রয়েছে: শক্তিশালী প্রযুক্তিগত পরিকাঠামো, স্বচ্ছ শাসনব্যবস্থা এবং অর্থনৈতিক ক্ষমতায়ন।

নিরাপদ এআই ডেটা সেন্টারের একটি বিশ্বব্যাপী নেটওয়ার্ক তৈরি করা

এসএএআইআই-এর মূলে রয়েছে নিরাপদ এআই ডেটা সেন্টারের একটি শক্তিশালী, যৌথভাবে অর্থায়ন করা নেটওয়ার্কের প্রয়োজনীয়তা। এর একটি আকর্ষণীয় উদাহরণ হল কেনিয়ায় মাইক্রোসফট এবং জি৪২ ঘোষিত সাম্প্রতিক ১ বিলিয়ন মার্কিন ডলার বিস্তৃত ডিজিটাল বাস্তুতন্ত্র উদ্যোগ। এই যুগান্তকারী প্রকল্পে ওলকারিয়ায় একটি অত্যাধুনিক সবুজ ডেটা সেন্টার নির্মাণ করা হবে, যা সম্পূর্ণরূপে পুনর্নবীকরণযোগ্য ভূ-তাপীয় শক্তি দ্বারা চালিত এবং উন্নত জল সংরক্ষণ প্রযুক্তিতে সজ্জিত। একটি নতুন পূর্ব আফ্রিকা ক্লাউড অঞ্চলের মাধ্যমে মাইক্রোসফট অ্যাজিঅর চালানোর জন্য তৈরি করা এই সুবিধাকেন্দ্রটি দেখায় যে কীভাবে সহযোগিতামূলক অর্থায়ন আয়তন ও সুরক্ষা অর্জন করতে পারে, এবং একই সঙ্গে সমমনস্ক দেশগুলিকে তা বিশ্বব্যাপী প্রতিলিপি করার জন্য একটি মডেল হিসাবে কাজ করতে পারে।

আর্থিক সম্পদ একত্রিত করা সমাধানের একটি অংশ মাত্র। এই ধরনের প্রকল্পের সাফল্য ভাগ-‌করা দক্ষতা এবং প্রতিভা ব্যবহারের উপরও নির্ভর করে। কেনিয়ার উদ্যোগটি কঠোর নিরাপত্তা প্রোটোকল এবং সর্বোত্তম অনুশীলন প্রতিষ্ঠার জন্য প্রকৌশলীদের, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের এবং এআই গবেষকদের একত্রিত করেছে। এই সহযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করে যে এই ডেটা সেন্টারগুলি প্রযুক্তির অত্যাধুনিক প্রান্তে কাজ করে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার সর্বোচ্চ মান বজায় রাখে। এগুলি হুয়াওয়ে ও জেডটিই-‌র মতো কোম্পানিগুলির মোতায়েন করা মডেলগুলির সম্পূর্ণ বিপরীত, যাদের অস্বচ্ছ সিস্টেম আন্তর্জাতিকভাবে নিরাপত্তা উদ্বেগ বাড়িয়েছে।

যদিও নিরাপদ এআই ডেটা সেন্টারগুলি প্রাথমিক ফোকাস, তারা একটি বৃহত্তর কাঠামো দ্বারা পরিপূরিত হবে যা গণতান্ত্রিক ডিজিটাল পরিকাঠামোকে শক্তিশালী করবে:

❅ যৌথ অর্থায়ন ও কৌশলগত অংশীদারিত্ব:

সমমনস্ক দেশগুলিকে কেনিয়ার মাইক্রোসফট-জি৪২ অংশীদারিত্বের উদাহরণ হিসাবে সম্পদ একত্রিত করতে হবে, যেখানে আন্তর্জাতিক অংশীদারেরা উল্লেখযোগ্য মূলধন বিনিয়োগ সুরক্ষিত করতে সহযোগিতা করে। এই পদ্ধতিটি যে কোনও একটি দেশের প্রযুক্তির উপর অতিরিক্ত নির্ভরতা রোধ করে, এবং সর্বগ্রাসী জমানার প্রতিপক্ষের প্রভাবের সঙ্গে সম্পর্কিত ঝুঁকি হ্রাস করে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক (এডিবি) এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মতো বহুপাক্ষিক উন্নয়ন ব্যাঙ্কগুলি পূর্বে বৃহৎ আকারের আঞ্চলিক ডিজিটাল রূপান্তর প্রকল্পগুলিতে সফলভাবে অর্থায়ন করেছে। এই মডেলগুলিকে অভিযোজিত করে দেশগুলি দীর্ঘমেয়াদি ডিজিটাল স্বায়ত্তশাসন ও পরিকাঠামোগত উন্নয়নকে যৌথভাবে সমর্থন করে এমন বিনিয়োগ সুরক্ষিত করতে পারে।

‌বিশ্বব্যাপী দক্ষতা এবং প্রতিভা বিকাশ:

সহযোগী প্রকল্পগুলি প্রযুক্তিগত দক্ষতা এবং সর্বোত্তম অনুশীলনের আন্তঃসীমান্ত ভাগাভাগি করার সুযোগ করে দেয়। এই ধরনের উদ্যোগগুলি উৎকর্ষের কেন্দ্র তৈরি করে, যা উদ্ভাবনকে চালিত করে এবং শক্তিশালী সাইবার নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে।

শক্তিশালী অর্থনৈতিক প্রভাব:

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পরিকাঠামোতে বিনিয়োগ বিভিন্ন মাধ্যমে অর্থনৈতিক বৃদ্ধিকে উদ্দীপিত করে বলে প্রমাণিত হয়েছে। অভিজ্ঞতামূলক গবেষণায় ধারাবাহিকভাবে দেশ এবং ফার্ম পর্যায়ে আইসিটি গ্রহণ এবং অর্থনীতির উন্নয়নের মধ্যে একটি ইতিবাচক সম্পর্ক প্রদর্শন করা হয়েছে। তাছাড়া, আইসিটি পরিকাঠামো বিনিয়োগ তেলনির্ভর নয় এমন জিডিপিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। উদাহরণস্বরূপ, সংযুক্ত আরব আমিরশাহিতে তেল-বহির্ভূত জিডিপিতে আইসিটি ব্যয় গুণক প্রায় ১.৮, যা আইসিটি-বহির্ভূত বিনিয়োগের গুণক ০.৯-‌এর চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি।

আইএমইসি-‌র শক্তিশালী নেটওয়ার্ক এবং একাধিক দেশের বিনিয়োগকে প্রবাহিত করার ক্ষমতা এটিকে এআই পরিকাঠামোতে রূপান্তরমূলক পরিবর্তন আনার জন্য সর্বোত্তম বাহন করে তোলে।



আইএমইসি কেন?


আইএমইসি-র স্বতন্ত্র শক্তি হল বৈচিত্র্যপূর্ণ বাজার এবং প্রযুক্তিগত বাস্তুতন্ত্রের মধ্যে সেতুবন্ধন তৈরির সম্ভাবনা। এটি যা কিছু প্রদান করতে পারে তার মধ্যে আছে:

সমন্বিত আন্তঃসীমান্ত সহযোগিতা: আইএমইসি-এর কাঠামোটি সহজাতভাবে আন্তর্জাতিক সহযোগিতার জন্য তৈরি, যা নিশ্চিত করে যে দক্ষতা, প্রযুক্তি এবং কৌশলগত অন্তর্দৃষ্টি একত্রিত করা হয়েছে। এই সম্মিলিত পদ্ধতিটি নিরাপদ এআই ডেটা সেন্টার তৈরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার জন্য সমন্বিত সাইবার নিরাপত্তা এবং ডেটা শাসনের বৈশ্বিক মান প্রয়োজন।

কৌশলগত ভূ-রাজনৈতিক অবস্থান: গুরুত্বপূর্ণ অঞ্চলগুলিতে এর বিস্তৃত প্রসারের সঙ্গে আইএমইসি একটি গতিশীল প্ল্যাটফর্ম হিসাবে কাজ করে, যা ডিজিটাল নির্ভরতার ঝুঁকি হ্রাস করে। এর প্রতিষ্ঠিত পরিকাঠামো এবং আঞ্চলিক প্রভাব এটিকে সিকিওর অ্যান্ড অ্যালাইনড এআই ইনিশিয়েটিভ (এসএএআইআই) এর মতো অগ্রণী উদ্যোগের জন্য একটি আদর্শ ইনকিউবেটর করে তোলে, যার লক্ষ্য সর্বগ্রাসী ডিজিটাল সিস্টেম দ্বারা সৃষ্ট দুর্বলতা মোকাবিলা করা।

অতুলনীয় আয়তন এবং সমন্বয়: যদিও নিরাপদ এআই উদ্যোগগুলি স্বাধীনভাবে গ্রহণ করা যেতে পারে, আইএমইসি দ্বারা প্রদত্ত স্কেল এবং সমন্বয়মূলক সুবিধা, যেমন ভাগ-‌করা ঝুঁকি, সমন্বিত অর্থায়ন মডেল এবং আন্তঃক্ষেত্র অংশীদারিত্ব, একটি প্রতিযোগিতামূলক সুবিধা তৈরি করে যা বিচ্ছিন্ন প্রকল্পগুলিতে নেই। আইএমইসি-‌র শক্তিশালী নেটওয়ার্ক এবং একাধিক দেশের বিনিয়োগকে প্রবাহিত করার ক্ষমতা এটিকে এআই পরিকাঠামোতে রূপান্তরমূলক পরিবর্তন আনার জন্য সর্বোত্তম বাহন করে তোলে।

আইএমইসি-র মধ্যে এসএএআইআই-কে অন্তর্ভুক্ত করার মাধ্যমে আমরা ইতিমধ্যেই  বিশ্বব্যাপী বাণিজ্য, প্রযুক্তি এবং কূটনীতির সংযোগস্থলে অবস্থিত একটি প্ল্যাটফর্মকে কাজে লাগাচ্ছি। এই একীকরণ জাতীয় নিরাপত্তা এবং ডিজিটাল সার্বভৌমত্বকে মজবুত করবে, এবং একই সঙ্গে ভারতের প্রাণবন্ত প্রযুক্তিগত বাস্তুতন্ত্র এবং নিরাপদ এআই উদ্ভাবনে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বকে কাজে লাগিয়ে গুরুত্বপূর্ণ ভারত-মার্কিন অংশীদারিকেও শক্তিশালী করবে।

উপসংহার

সীমান্ত সহযোগিতার জন্য আইএমইসি-র প্রতিষ্ঠিত কাঠামো, এর উল্লেখযোগ্য আঞ্চলিক প্রভাব এবং বিশ্বব্যাপী সরবরাহ ও উদ্ভাবনে ভূমিকা এটিকে এসএএআইআই-এর জন্য আদর্শ পরিবেশে পরিণত করে। আইএমইসি-র মধ্যে এই উদ্যোগটি শুধু ডিজিটাল সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তাকে শক্তিশালী করে না, বরং উভয়ের অনন্য শক্তিকে কাজে লাগিয়ে রূপান্তরমূলক অংশীদারিত্বের মঞ্চও তৈরি করে — বিশেষ করে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে।



দিব্যাংশ কৌশিক আমেরিকার অবজারভার রিসার্চ ফাউন্ডেশনে
ইউএস-ইন্ডিয়া এআই ফেলোশিপ প্রোগ্রাম -‌এর
অংশ। তিনি বর্তমানে বিকন গ্লোবাল স্ট্র‌্যাটেজিজ-এর ভাইস প্রেসিডেন্ট।

The views expressed above belong to the author(s). ORF research and analyses now available on Telegram! Click here to access our curated content — blogs, longforms and interviews.