-
CENTRES
Progammes & Centres
Location
ভারতের সাহসী পারমাণবিক উদ্যোগ দূষণহীন শক্তি এবং স্বনির্ভরতার প্রতিশ্রুতি দিলেও সংস্কার, প্রতিভা এবং অর্থায়ন কি এই উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবে?
ভারতের পারমাণবিক শক্তি খাত উল্লেখযোগ্য রূপান্তরের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে, যার লক্ষ্য জ্বালানি স্বাধীনতা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। সরকার পারমাণবিক ক্ষমতা সম্প্রসারণ ত্বরান্বিত করতে এবং বেসরকারি খাতের অংশগ্রহণকে সক্ষম করার জন্য ব্যাপক নীতিগত সংস্কার এবং গবেষণা ও উন্নয়নে উল্লেখযোগ্য বিনিয়োগ চালু করার পরিকল্পনা করছে –পারমাণবিক শক্তিকে দেশের জ্বালানি কৌশলের ভিত্তিপ্রস্তর হিসেবে গড়ে তোলার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বাধীনতা দিবসের ভাষণে এই উচ্চাভিলাষী দৃষ্টিভঙ্গি উন্মোচন করা হয়েছে। ২০৪৭ সালের মধ্যে পারমাণবিক শক্তির ক্ষমতা দশগুণেরও বেশি বৃদ্ধির লক্ষ্যে গৃহীত এই দৃষ্টিভঙ্গি এই খাতকে ভারতের দীর্ঘমেয়াদি উন্নয়ন লক্ষ্যের কেন্দ্রবিন্দুতে স্থাপন করা হয়েছে। তবুও আশাবাদের নেপথ্যে কিছু প্রশ্ন রয়েই গিয়েছে: সংস্কারের চাকা কি সত্যিই চলমান? না কি আমলাতান্ত্রিক বাধা এবং আইন প্রণয়নের বিলম্ব ভারতের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষাকে পথচ্যুত করার হুমকি দিচ্ছে? নতুন আইন, নিয়ন্ত্রক সংশোধন এবং প্রণোদনার প্রতিশ্রুতি দেওয়ার সঙ্গে সঙ্গে সময়ই বলে দেবে পারমাণবিক অগ্রগতির এই প্রবাহ কি স্থির ভাবে এগিয়ে চলেছে না কি জড়তার কারণে আটকে থাকবে?
ভারতের পারমাণবিক শক্তি খাত উল্লেখযোগ্য রূপান্তরের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে, যার লক্ষ্য জ্বালানি স্বাধীনতা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা।
বর্তমান বাধাসমূহ
সাম্প্রতিক ঘোষণা ও বাজেট সংস্কারের ফলে আশাব্যঞ্জক সুর তৈরি হওয়া সত্ত্বেও ভারতের পারমাণবিক শক্তি খাত দ্রুত অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়াতে থাকা জটিলতাগুলির সম্মুখীন হচ্ছে। আইনি বাধাগুলি এখনও একটি মূল চ্যালেঞ্জ। বেসরকারি ও বিদেশি বিনিয়োগ সক্ষম করার জন্য অপরিহার্য ১৯৬২ সালের পারমাণবিক শক্তি আইন এবং ২০১০ সালের পারমাণবিক ক্ষতির জন্য নাগরিক দায়বদ্ধতা আইনের (সিএলআইএনডিএ) গুরুত্বপূর্ণ সংশোধনীগুলি এখনও সংসদীয় পদ্ধতিতে আটকে রয়েছে, যা অংশীদারদের জন্য নিয়ন্ত্রক অনিশ্চয়তার কারণ। সরবরাহকারীর দায়বদ্ধতার বিস্তৃত ব্যাখ্যা এবং ‘আশ্রয় অধিকার’ সংক্রান্ত বিধানগুলি প্রধান বহুজাতিক বিক্রেতাদের বাধাগ্রস্ত করে, যদিও সরবরাহকারীর পরিসর সীমিত করা এবং দায়বদ্ধতার সীমা স্পষ্ট করার জন্য প্রস্তাবিত সংশোধনীগুলি আলোচনার অধীনে রয়েছে।
নিয়ন্ত্রক অস্পষ্টতা যদিও কিছু ক্ষেত্রে সহজ করা হয়েছে, তবুও নানাবিধ চ্যালেঞ্জ উপস্থাপন করে। পারমাণবিক শক্তি নিয়ন্ত্রণ বোর্ড (এইআরবি) নতুন ক্ষুদ্র মডিউলার রিঅ্যাক্টর-সহ (এসএমআর) সমস্ত রিঅ্যাক্টরের জন্য আন্তর্জাতিক মানের সুরক্ষা এবং সুরক্ষা প্রোটোকল প্রয়োগ করে চলেছে। উল্লেখযোগ্য ভাবে সরকার স্পষ্ট করে জানিয়েছে যে, আসন্ন এসএমআর ডিজাইনের জন্য বর্জন অঞ্চলগুলি, যেমন ৫৫ এমডব্লিউই মডিউলার রিঅ্যাক্টর এবং ভারত স্মল মডিউলার রিঅ্যাক্টর (বিএসএমআর-২০০) ‘প্ল্যান্ট সীমানার বাইরে নয়’ বা বৃহৎ পারমাণবিক কেন্দ্রের জন্য প্রচলিত ১ কিলোমিটার মানদণ্ডের চেয়ে ‘উল্লেখযোগ্য ভাবে কম’ হবে। এটি একটি গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক অভিযোজনকে দর্শায়, যা চুল্লির আকার ও আধুনিক নকশার সঙ্গে আনুপাতিক ভাবে সুরক্ষা প্রয়োজনীয়তাগুলিকে সামঞ্জস্য করে এবং চিরাচরিত বর্জন নিয়মগুলি এসএমআর স্থাপনে বাধা সৃষ্টি করবে কি না, সে সম্পর্কে পূর্ববর্তী অনিশ্চয়তাগুলিকে সরাসরি সমাধান করে। যাই হোক, এইআরবি এখনও নির্দেশ করেনি যে, এটি এসএমআর-এর জন্য একটি বিশেষ নিয়ন্ত্রক উল্লম্ব গঠন করবে কি না। যদিও জাতীয় ও আন্তর্জাতিক নিয়ম অনুসারে এই ধরনের সমস্ত নকশা কঠোর বৈধতা এবং সুরক্ষা মূল্যায়নের শিকার হয়।
এই নিয়ন্ত্রক অগ্রগতি সত্ত্বেও ভারত অবকাঠামো উন্নয়ন এবং ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে উল্লেখযোগ্য চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে, যা প্রায়শই স্থানীয় বিরোধিতা এবং আইনি লড়াইয়ের কারণে আরও বেড়ে যায়। এটি জৈতাপুর এবং কোভাদার মতো গুরুত্বপূর্ণ স্থানগুলিতে বিলম্বিত সময়সীমাও যুক্ত করেছে। ভারতের পারমাণবিক উৎপাদন বাস্তুতন্ত্র, যদিও শক্তিশালী হয়েছে, তবুও অত্যাধুনিক চুল্লির উপাদান এবং উপকরণের জন্য আমদানির উপর ব্যাপকভাবে নির্ভরশীল, যার ফলে খরচ বৃদ্ধি এবং সরবরাহ ব্যাহত হওয়ার ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে।
এই চ্যালেঞ্জগুলির পাশাপাশি আর্থিক স্থিতিশীলতা ও বাজার ঝুঁকি এই খাতকে আরও চাপে ফেলে। পারমাণবিক প্রকল্পগুলি মূলধন-নিবিড়, দীর্ঘ পরিশোধের সময়কাল এবং শুল্ক, বিদ্যুৎ ক্রয় চুক্তি এবং গ্রিড ইন্টিগ্রেশনের অনিশ্চয়তা বিনিয়োগের আগ্রহকে সীমাবদ্ধ করে। পরিশেষে, দ্রুত সম্প্রসারণের উচ্চাকাঙ্ক্ষাগুলি দক্ষ পারমাণবিক প্রকৌশলী, নিয়ন্ত্রক এবং প্রকল্প পরিচালকদের অভাবের চ্যালেঞ্জের সম্মুখীন হয়। কারণ শিক্ষা ও প্রশিক্ষণ অবকাঠামো এখনও বিকশিত হচ্ছে। সম্মিলিত ভাবে এই বাধাগুলি এই প্রশ্নই উত্থাপন করে যে, আসন্ন সংস্কার ও উদ্যোগগুলি অগ্রগতিকে যথেষ্ট ত্বরান্বিত করবে না কি দৃঢ় চ্যালেঞ্জগুলি ভারতের পারমাণবিক শক্তি উচ্চাকাঙ্ক্ষাকে ধীর গতির এবং অনিশ্চিত করে তুলবে?
সরকার কী ইঙ্গিত দিচ্ছে: ঘোষণা, ইঙ্গিত এবং পরবর্তী পদক্ষেপ
সরকার পারমাণবিক শক্তির প্রতি তার গুরুতর আগ্রহের ইঙ্গিত দিচ্ছে। ২০২৫-২৬ সালের কেন্দ্রীয় বাজেটে ‘বিকশিত ভারতের জন্য পারমাণবিক শক্তি মিশন’ উন্মোচন করা হয়েছে, যার মধ্যে এসএমআর-এর গবেষণা ও উন্নয়নের (আরঅ্যান্ডডি) জন্য ২০,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রোডম্যাপের অংশ হিসেবে লক্ষ্যমাত্রা হল ২০৩৩ সালের মধ্যে কমপক্ষে পাঁচটি দেশীয় ভাবে পরিকল্পিত কার্যকরী এসএমআর তৈরি করা এবং ২০৪৭ সালের মধ্যে পারমাণবিক ক্ষমতা বর্তমান ৮.৮৮ গিগাওয়াট থেকে ১০০ গিগাওয়াটে উন্নীত করা। ২০৩১-৩২ সালের মধ্যে ২২.৪৮ গিগাওয়াটের একটি অন্তর্বর্তীকালীন মাইলফলক ট্র্যাকে রয়েছে এবং ছ’টি রাজ্যে ১০টি চুল্লি নির্মাণাধীন ও কোভাদায় ইন্দো-মার্কিন প্রধান বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে।
আইনগত দিক থেকে সরকার পাবলিক-প্রাইভেট বা সরকারি-বেসরকারি পার্টনারশিপ মডেলকে অনুমোদন দেওয়ার জন্য পারমাণবিক শক্তি আইন সংশোধন করেছে। একই সঙ্গে সিএলএনডিএ-তে ১১টিরও বেশি সংশোধনী পাইপলাইনে রয়েছে, যার মধ্যে রয়েছে ‘আশ্রয় গ্রহণের অধিকার’ এবং বিক্রেতার দায়বদ্ধতার স্পষ্ট সীমাবদ্ধতা পরিবর্তন, যা ভারতকে বিশ্বব্যাপী নিরাপত্তা ও বিনিয়োগের নিয়মের সঙ্গে সঙ্গতিপূর্ণ করবে। সংস্কারগুলিকে অনুঘটন করার জন্য, পরমাণু শক্তি বিভাগ (ডিএই), এইআরবি, নীতি আয়োগ এবং আইন ও বিচার মন্ত্রকের সদস্যদের নিয়ে বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে, যাতে তারা আইনগুলি নিয়ে আলোচনা এবং সংশোধনী প্রস্তাব করতে পারে, যা পারমাণবিক ক্ষেত্রের মধ্যে বেসরকারি পক্ষগুলির অংশগ্রহণকে সহজতর করে।
অবমূল্যায়িত প্রতিবন্ধকতা
এই উচ্চাকাঙ্ক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কিন্তু প্রায়শই উপেক্ষিত বাধা হল দেশের মধ্যে পারমাণবিক প্রকৌশলের জন্য শিক্ষাগত আগ্রহ ও প্রাতিষ্ঠানিক ক্ষমতা হ্রাস। ক্রমবর্ধমান নীতিগত সহায়তা এবং উচ্চাকাঙ্ক্ষী ক্ষমতা লক্ষ্য সত্ত্বেও, শিক্ষাগত বাস্তুতন্ত্র বিপরীত দিকে এগিয়ে চলেছে। ২০১০ থেকে ২০২০ সালের মধ্যে কমপক্ষে আটটি ভারতীয় বিশ্ববিদ্যালয় পারমাণবিক প্রকৌশলে এমটেক প্রোগ্রাম চালু করেছে।
ক্রমবর্ধমান নীতিগত সহায়তা এবং উচ্চাকাঙ্ক্ষী ক্ষমতা লক্ষ্য সত্ত্বেও, শিক্ষাগত বাস্তুতন্ত্র বিপরীত দিকে এগিয়ে চলেছে।
তবে বর্তমানে প্রায় সকলেই এই বিশেষ কোর্স বন্ধ করে দিয়েছে এবং শুধু মাত্র অ্যামিটি ইউনিভার্সিটি ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই পঠন চলছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) মাদ্রাজ, আইআইটি বম্বে, জওহরলাল নেহরু টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি (জেএনটিইউ), পণ্ডিত দীনদয়াল এনার্জি ইউনিভার্সিটি (পিডিইইউ, পূর্বে পিডিপিইউ), ইউপিইএস দেরাদুন এবং মোদি ইউনিভার্সিটি-সহ অন্যান্য বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে এ নিয়ে আর পড়ানো হচ্ছে না। ডিএই-অনুমোদিত প্রতিষ্ঠানের বাইরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলির মধ্যে এই ব্যাপক পশ্চাদপসরণ একটি উদ্বেগজনক প্রবণতার ইঙ্গিত দেয়: ডিএই-অনুমোদিত প্রতিষ্ঠানগুলির বাইরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলি পরমাণু প্রকৌশল কর্মসূচিগুলি পর্যায়ক্রমে বন্ধ করে দিচ্ছে, নীতিগত আকাঙ্ক্ষা এবং যোগ্য প্রযুক্তিগত প্রতিভার পর্যাপ্ত পাইপলাইনের মধ্যে বিচ্ছিন্নতা আরও বাড়িয়ে তুলছে।
এই ধরনের শিক্ষাগত সঙ্কোচন ক্ষমতা বৃদ্ধির গুরুত্বপূর্ণ প্রক্রিয়াকে দুর্বল করে দেয়, যা সম্ভাব্য সূচকীয় সম্প্রসারণের সময়ে নিরাপদ ও মাত্রাযোগ্য পারমাণবিক শক্তি বৃদ্ধির জন্য অপরিহার্য। স্নাতকদের রিঅ্যাক্টর পরিচালনা, নিয়ন্ত্রক ভূমিকা এবং জরুরি প্রস্তুতির জন্য উপলব্ধ প্রার্থীদের সংখ্যা কম, যা বিশ্বব্যাপী নিরাপত্তা এবং প্রশিক্ষণের মান বজায় রাখার প্রচেষ্টাকে ব্যাহত করে। এই বিস্তৃত ব্যবধান পূরণ করার জন্য লক্ষ্যবস্তু অনুদান ও প্রণোদনা দিয়ে বিশ্ববিদ্যালয়গুলিতে পারমাণবিক প্রকৌশল কর্মসূচি পুনরুজ্জীবিত করা অপরিহার্য।
তা সত্ত্বেও, ঝুঁকি ও সম্পদ ব্যবস্থাপনার জন্য শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরির সমান্তরাল প্রচেষ্টা ছাড়া কেবল প্রতিভাই এই খাতকে টিকিয়ে রাখতে পারে না, বিশেষ করে যখন বেসরকারি ও বিদেশি শক্তিরা নিজেদের অংশগ্রহণ বৃদ্ধি করে। শিল্পের স্থিতিস্থাপকতা কেবল প্রযুক্তি ও দক্ষতার উপর নির্ভর করে না, বরং অবকাঠামো ও জনগণকে রক্ষা করে এমন আর্থিক সুরক্ষার উপরও নির্ভর করে। এই ক্ষেত্রে, পারমাণবিক বিমার ভাণ্ডারগুলি একটি কেন্দ্রীয় ভূমিকা পালন করে, যা দায়বদ্ধতা এবং কর্মীবাহিনীর স্থিতিশীলতা উভয়কেই ভিত্তি করে গৃহীত। যাই হোক, সরবরাহকারী ঝুঁকি সীমিত করার জন্য সিএলআইএনডিএ-কে পরিমার্জিত করার উপর আইনি মনোযোগ মূলত কেন্দ্রীভূত হলেও, বেসরকারি বিনিয়োগকারীদের আরও বিস্তৃত প্রক্রিয়া প্রয়োজন, যা তাদের মূলধন সুরক্ষিত করে ও সর্বাত্মক বিমা কভারেজ প্রদান করে। তাই আস্থা জাগিয়ে তুলতে এবং স্থিতিশীল বিনিয়োগ আকর্ষণ করার জন্য দুর্ঘটনা, দায়বদ্ধতা ও ক্ষতিপূরণ সংক্রান্ত বিমাকে খাতের নিরাপত্তা জালের মধ্যে অন্তর্ভুক্ত করা অপরিহার্য।
আস্থা জাগিয়ে তুলতে এবং স্থিতিশীল বিনিয়োগ আকর্ষণ করার জন্য দুর্ঘটনা, দায়বদ্ধতা ও ক্ষতিপূরণ সংক্রান্ত বিমাকে খাতের নিরাপত্তা জালের মধ্যে অন্তর্ভুক্ত করা অপরিহার্য।
কার্যকরী ভাবে সরবরাহ শৃঙ্খল পরিচালনা ও বিলম্ব কমানো আর একটি বাধা, যা প্রায়শই অবমূল্যায়িত হয় না। এনপিসিআইএল-এর ২ এক্স ৭০০ এমডব্লিউই প্রেশারাইজড হেভি ওয়াটার রিঅ্যাক্টর (পিএইচডব্লিউআর) প্ল্যান্টের জন্য ফ্লিট-মোড নির্মাণ কৌশল প্রায় ২৫টি প্রধান সরবরাহ প্যাকেজ, ১০টি ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন প্যাকেজ (ইপিসি) এবং চারটি প্রধান সাইট চুক্তি ব্যবহার করে বিক্রেতার দায়িত্বের উপর স্বচ্ছতা বজায় রাখে এবং ক্রয়কে সুগম করে। যদিও একটি শক্তিশালী দেশীয় উৎপাদন ভিত্তি বিদ্যমান, ভারত এখনও ভারী ফোর্জিং, বৃহৎ সিমলেস পাইপ, উচ্চ মানের নির্ভুল ভালভ এবং বিকিরণ-প্রতিরোধী যন্ত্রের মতো বিশেষায়িত উপাদানগুলির জন্য আমদানির উপর নির্ভর করে। নগদ প্রবাহের সীমাবদ্ধতা, প্রতিভার ঘাটতির কারণে গুণমানের সমস্যা এবং ঠিকাদারদের আর্থিক দুর্বলতার মতো চ্যালেঞ্জগুলি প্রকল্পগুলিকে ধীর করে দিতে পারে এবং খরচ বাড়িয়ে দিতে পারে।
পরিশেষে, পারমাণবিক প্রকল্পের অর্থায়ন খাতের বৃদ্ধির সমীকরণে প্রায়শই অবমূল্যায়িত ক্ষেত্র। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলিতে প্রচুর আগাম মূলধনের চাহিদা থাকে, দীর্ঘ সময় ধরে প্রস্তুতির সময়কাল থাকে এবং জটিল নিয়ন্ত্রক, শুল্ক এবং বাজার ঝুঁকি সম্পৃক্ত। যদিও বর্তমানে বেশিরভাগ প্রকল্পের জন্য সরকারি তহবিল বরাদ্দ করা হয়, বেসরকারি খাতের অংশগ্রহণ সম্প্রসারণের জন্য উদ্ভাবনী আর্থিক ব্যবস্থার প্রয়োজন। এর মধ্যে রয়েছে দীর্ঘমেয়াদি, কম সুদের ঋণ, যা পারমাণবিক সময়সীমার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ; ঝুঁকি ভাগ করে নেওয়ার যন্ত্র যেমন ভায়াবিলিটি গ্যাপ ফান্ডিং (ভিজিএফ) বা গ্রিন বন্ড; এবং নির্মাণ বিলম্ব, সরবরাহ ব্যাহতকরণ ও কর্মীবাহিনীর ঝুঁকির বিষয়টি সুরক্ষিত করে এমন সর্বাত্মক বিমা ভাণ্ডার। রাজস্ব নিশ্চিতকরণ এবং এই ধরনের মূলধন-নিবিড় উদ্যোগের জন্য তৈরি শক্তিশালী আর্থিক অবকাঠামো নিশ্চিত করার জন্য স্পষ্ট, স্বচ্ছ নিয়ন্ত্রক কাঠামো ছাড়া, এমনকি সবচেয়ে প্রতিশ্রুতিময় প্রকল্পগুলিও বিনিয়োগ সুরক্ষিত করতে লড়াই করতে পারে।
ভারতের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়ন কেবল আইনি সংস্কার পাসের উপরই নির্ভর করে না, বরং শিক্ষাগত ক্ষমতা পুনরুজ্জীবিত করা, সর্বাত্মক বিমা সুরক্ষা প্রতিষ্ঠা করা, সরবরাহ শৃঙ্খলের দৃঢ়তা বৃদ্ধি করা এবং উপযুক্ত আর্থিক সমাধান বিকাশের উপরও নির্ভর করে। এই আন্তঃসংযুক্ত চ্যালেঞ্জগুলির যে কোনও একটিকে উপেক্ষা করলে নীতিগত গতি সত্ত্বেও পারমাণবিক শক্তির চালিকাশক্তি স্থবির হয়ে পড়ার ঝুঁকি থাকে।
ভারতের পারমাণবিক যাত্রা একটি মোড়কে দাঁড়িয়ে আছে: দূরদর্শী নীতি ও বাস্তব বাস্তবায়নের মধ্যে, প্রতিশ্রুতি ও রূপান্তরের একগুঁয়ে জটিলতার মধ্যে।
উপসংহার
ভারতের পুনর্নবীকৃত পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা দূষণহীন জ্বালানির জন্য একটি সাহসী দৃষ্টিভঙ্গির ইঙ্গিত দেয়, যার মধ্যে উল্লেখযোগ্য বাজেট বরাদ্দ, উচ্চাকাঙ্ক্ষী সক্ষমতা লক্ষ্যমাত্রা এবং যুগান্তকারী নিয়ন্ত্রক সংস্কার অন্তর্ভুক্ত রয়েছে। সরকারের প্রতিশ্রুতি – এসএমআর-এর মতো উদ্ভাবনী প্রযুক্তি এবং বেসরকারি শক্তিদের জন্য এই খাতটি উন্মুক্ত করে - অবশেষে জ্বালানি নিরাপত্তা, কম কার্বন বৃদ্ধি এবং প্রযুক্তিগত স্বনির্ভরতার জন্য প্রয়োজনীয় গতি উন্মোচন করতে পারে। তবুও আইনি বিলম্ব, অমীমাংসিত দায়বদ্ধতা কাঠামো, নিয়ন্ত্রক অনিশ্চয়তা এবং অবকাঠামোগত বাধাগুলির দ্বারা অগ্রগতি সীমাবদ্ধ। এর মূল চ্যালেঞ্জগুলি হল: ক্রমহ্রাসমান পারমাণবিক প্রকৌশল কর্মসূচি, আমদানির উপর নির্ভরশীল ভঙ্গুর সরবরাহ শৃঙ্খল এবং ঝুঁকিমুক্ত বিনিয়োগের জন্য উদ্ভাবনী অর্থায়ন এবং শক্তিশালী বিমার জরুরি প্রয়োজন।
অতএব, ভারতের পারমাণবিক যাত্রা একটি মোড়কে দাঁড়িয়ে আছে: দূরদর্শী নীতি ও বাস্তব বাস্তবায়নের মধ্যে, প্রতিশ্রুতি ও রূপান্তরের একগুঁয়ে জটিলতার মধ্যে। সংস্কার এবং প্রবৃদ্ধির সম্ভাবনা তখনই বিদ্যমান যদি গতি বজায় থাকে এবং বাধাগুলির পদ্ধতিগত ভাবে সমাধান করা হয়। ভারতের দূষণহীন জ্বালানির ভবিষ্যৎ কেবল কী পরিকল্পনা করা হয়েছে তার উপর নয়, বরং কী প্রদান করা হচ্ছে, তার উপরেও নির্ভর করে।
কাব্য ওয়াধওয়া পারমাণবিক শক্তির সমর্থক ও নীতি বিশ্লেষক, যিনি স্থিতিশীল শক্তি সমাধান প্রচার এবং নীতি সংস্কারের জন্য কাজ করছেন।
The views expressed above belong to the author(s). ORF research and analyses now available on Telegram! Click here to access our curated content — blogs, longforms and interviews.
Kavya Wadhwa is a nuclear energy advocate and policy analyst dedicated to promoting sustainable energy solutions and driving policy reforms. His research primarily focuses on ...
Read More +