যেহেতু রিলস মূলত প্রযুক্তিগত এবং এটি কার্যকর হওয়া এখনও বাকি আছে, এটি ভারত-রাশিয়া সামরিক সম্পর্কের ক্ষেত্রে কৌশলগত অগ্রগতির পরিবর্তে ধারাবাহিকতার ইঙ্গিত দেয়।
ভারত-রাশিয়া প্রতিরক্ষা অংশীদারি ধীরে ধীরে তার জায়গা ফিরে পাচ্ছে, পাইপলাইনে আছে বেশ কয়েকটি চুক্তি এবং দ্বিপাক্ষিক সামরিক মহড়া নিয়মিত গতিতে ফিরে আসছে। যদিও ভারত ও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীরা সামরিক-প্রযুক্তিগত সহযোগিতা সংক্রান্ত আন্তঃসরকারি কমিশনের সহ-সভাপতিত্বের জন্য নয়াদিল্লিতে মিলিত হয়েছিলেন, তবে ২০২৫ সালের ডিসেম্বরে দ্বিপাক্ষিক শীর্ষ সম্মেলনের ফলাফল থেকে যে কোনও প্রতিরক্ষা চুক্তি বিশেষভাবে বাদ পড়েছিল। এমন একটি বিষয় যা মিডিয়াতে ব্যাপকভাবে আলোচিত হয়েছে, কিন্তু আনুষ্ঠানিকভাবে অঘোষিত অবস্থায় কার্যকর ছিল তা হল রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অফ লজিস্টিকস (আরইএলওএস বা রিলস) চুক্তি। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে স্বাক্ষরিত এবং ২০২৫ সালের শেষের দিকে মস্কো কর্তৃক অনুমোদিত হলেও এটি এখনও কার্যকর করা হয়নি। নয়াদিল্লি দ্বারা এটিকে কম সাড়ম্বরে রাখা হয়েছে, এবং দ্বিপাক্ষিক সম্পর্কের উপর এর অর্থ বা প্রভাব সম্পর্কে খুব কম অন্তর্দৃষ্টি রয়েছে।
একটি দীর্ঘমেয়াদি চুক্তি
রিলস নিয়ে মস্কো এবং নয়াদিল্লির মধ্যে আলোচনা ২০১৮ সালে শুরু হয়েছিল। তারপর থেকে, প্রতিটি দ্বিপাক্ষিক শীর্ষ সম্মেলনের সময় চুক্তিটি সম্পন্ন হওয়ার প্রত্যাশা করা হয়েছে। ২০২১ সালের ডিসেম্বরে রিপোর্ট করা হয়েছিল যে রিলস তার "চূড়ান্ত পর্যায়ে" রয়েছে, যেখানে উভয় পক্ষই "সশস্ত্র বাহিনীর জন্য লজিস্টিক সহায়তা এবং পরিষেবার পারস্পরিক বিধানের জন্য একটি প্রাতিষ্ঠানিক ব্যবস্থা" নিশ্চিত করতে আগ্রহী। তবে, কারিগরি সমস্যা এবং শব্দের পার্থক্যের কারণে চুক্তিটি স্থগিত রাখা হয়েছিল। ইউক্রেনের যুদ্ধ প্রক্রিয়াটিকে আরও দীর্ঘায়িত করেছে, এবং উদ্যোগের সময়োপযোগিতা নিয়ে সংশয় তৈরি করেছে।
যেহেতু আনুষ্ঠানিকভাবে অনুমোদনের দলিল বিনিময় সম্পন্ন হয়নি, তাই রিলস এখনও কার্যকর হয়নি।
রাশিয়ার সরকার খসড়া নথি প্রকাশের পর, ২০২৪ সালের জুলাই মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মস্কো সফরের আগে রিলস-এর বিষয়টি আবার উঠে আসে। এখন স্পষ্ট যে, ততক্ষণে, পাঠ্যটি সম্পূর্ণরূপে চূড়ান্ত হয়ে গিয়েছিল, শুধু আমলাতান্ত্রিক আনুষ্ঠানিকতা বাকি ছিল।
২০২৫ সালের ফেব্রুয়ারিতে চুক্তিটির চূড়ান্ত হওয়া ভারত-রাশিয়া সামরিক অংশীদারিত্বের দুটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে। প্রথমত, প্রতিরক্ষা সহযোগিতা পুনরুজ্জীবিত হয়েছে, নয়াদিল্লি এবং মস্কো উভয়ই এই ক্ষেত্রে তাদের সম্পর্ককে লাভ-লাভ হিসেবে দেখছে বলে মনে হচ্ছে। প্রতিরক্ষা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য তাদের স্থায়ী প্রতিশ্রুতির লক্ষণ হিসেবে, ভারত ও রাশিয়া প্রতিরক্ষা সরঞ্জামের যৌথ উৎপাদনের জন্য বেশ কয়েকটি সমঝোতাপত্রে স্বাক্ষর করেছে এবং যৌথ সামরিক মহড়া পুনরায় শুরু করেছে। উদাহরণস্বরূপ, তিন বছর ধরে স্থগিত থাকা 'ইন্দ্র' মহড়াগুলি মার্চ-এপ্রিল, অক্টোবর এবং ডিসেম্বর ২০২৫ সালে আবার পরিচালিত হয়েছিল।
দ্বিতীয়ত, রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর, নয়াদিল্লি কোনও অর্জনের দিকে মনোযোগ আকর্ষণ না-করে মস্কোর সঙ্গে তার সামরিক সম্পৃক্ততাকে নজরের আড়ালে রাখার প্রবণতা দেখিয়েছে। রিলস-এর তাদের নিজ নিজ উপস্থাপনায় যেমন প্রতিফলিত হয়েছিল, দুটি দেশের অবস্থান ভিন্ন। যেহেতু রাশিয়া বিদ্যমান অংশীদারিত্বকে শক্তিশালী করতে এবং নতুন মিত্র খুঁজে পেতে চেষ্টা করছে, তাই রাশিয়ার পার্লামেন্ট কর্তৃক রিলস অনুমোদন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নয়াদিল্লি সফরের পৃষ্ঠপট তৈরি করার জন্য পরিকল্পনা করা হয়েছিল। বিশ্বমিত্র (বিশ্বের বন্ধু) হিসেবে তার অনন্য অবস্থান ধরে রাখতে চাওয়া ভারতের জন্য অগ্রাধিকার হল মস্কোর সঙ্গে তার অংশীদারিত্ব শক্তিশালী করার জন্য যে কোনও নতুন চুক্তি যাতে অন্যান্য সম্পর্কের অগ্রগতি ব্যাহত না করে তা নিশ্চিত করা। এই কারণে, দ্বিপাক্ষিক শীর্ষ সম্মেলনের আগে বা পরে ভারতীয় কর্মকর্তারা রিলস-এর কথা মোটেও উল্লেখ করেননি।
রিলস-এর বিধান
এই চুক্তিতে যৌথ মহড়া এবং প্রশিক্ষণ অভিযানের সময় সামরিক বাহিনী, যুদ্ধজাহাজ এবং সামরিক বিমান চলাচলের পদ্ধতি, সেইসঙ্গে মানবিক সহায়তা এবং দুর্যোগ ত্রাণ মিশনের পদ্ধতিগুলি বর্ণনা করা হয়েছে। সৈন্য ও সরঞ্জাম মোতায়েনের পাশাপাশি, নথিতে এই অভিযানের জন্য প্রয়োজনীয় লজিস্টিক সহায়তার রূপরেখা দেওয়া হয়েছে, যেমন বাসস্থান, চিকিৎসা সেবা, পরিবহণ, জল ও বিদ্যুৎ এবং সামরিক কর্মীদের জন্য প্রয়োজনীয় অন্যান্য শর্তাবলি।
চুক্তিটি মনোযোগ সহকারে পড়লে এর পরিভাষাগত প্রকৃতি প্রকাশ পায়, এবং দেখা যায় দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতার বিদ্যমান অনুশীলন থেকে কোনও উল্লেখযোগ্য বিচ্যুতি নেই।
সরবরাহ বিনিময়ের মধ্যে গ্রহীতা দেশ কর্তৃক প্রদত্ত বিভিন্ন নির্দিষ্ট পরিষেবাও এর অন্তর্ভুক্ত। যুদ্ধজাহাজের ক্ষেত্রে, এর মধ্যে রয়েছে বন্দর ও মেরামত পরিষেবা, আর জল, খাদ্য, প্রযুক্তিগত সম্পদ এবং অন্যান্য সরবরাহ। সামরিক বিমানের ক্ষেত্রে, এর মধ্যে রয়েছে বিমান চলাচল নিয়ন্ত্রণ, বিমান সংক্রান্ত তথ্য, বিমান চলাচলের অনুরোধ প্রক্রিয়াকরণ, সামরিক নেভিগেশন সিস্টেমের ব্যবহার এবং বিমান পার্কিং ও সুরক্ষা। বিমান জ্বালানি, লুব্রিক্যান্ট এবং বিশেষ তরল, খারাপ সরঞ্জাম সারাই-সহ, পরিশোধযোগ্য ভিত্তিতে প্রদান করা হয়।
উল্লেখযোগ্যভাবে, চুক্তিতে সৈন্য সংখ্যা (৩,০০০ কর্মী), জাহাজ (পাঁচটি যুদ্ধজাহাজ) এবং বিমানের (১০টি সামরিক বিমান) উপর নির্দিষ্ট সংখ্যা আরোপ করা হয়েছে, যা অংশীদার রাষ্ট্রের ভূখণ্ড বা আকাশসীমায় যে কোনও সময়ে উপস্থিত থাকতে পারে।
রিলস চুক্তিটি পাঁচ বছরের জন্য বৈধ, এবং পরবর্তী পাঁচ বছরের জন্য স্বয়ংক্রিয়ভাবে সম্প্রসারিত হবে। রাশিয়ার পার্লামেন্ট চুক্তিটি অনুমোদন করলেও এবং প্রেসিডেন্ট পুতিন এটিকে আইনে পরিণত করার জন্য স্বাক্ষর করলেও, ভারতের পক্ষ থেকে আইনি প্রক্রিয়া এখনও মুলতুবি রয়েছে। যেহেতু আনুষ্ঠানিকভাবে অনুমোদনের দলিল বিনিময় সম্পন্ন হয়নি, তাই রিলস এখনও কার্যকর হয়নি।
সম্ভাব্য প্রভাব
রাশিয়ান পার্লামেন্ট কর্তৃক রিলস অনুমোদনের ফলে বিভিন্ন মতামতের ঝড় ওঠে, অনেক বিশেষজ্ঞ এই চুক্তিকে "গেম-চেঞ্জার" বা ভারত-রাশিয়া অংশীদারিত্বের "সম্পূর্ণ নতুন স্তর" হিসাবে ঘোষণা করেছেন। এই বিশ্লেষণটি এই ধারণার উপর ভিত্তি করে তৈরি যে এই চুক্তি ভারত ও রাশিয়ার নৌবাহিনীর জন্য নতুন ভৌগোলিক অঞ্চলে প্রবেশাধিকার উন্মুক্ত করবে। আর্কটিক এবং দূর প্রাচ্যে ভারতীয় সামুদ্রিক উপস্থিতি বৃদ্ধির প্রত্যাশা ক্রমবর্ধমান, যা রাশিয়ার বন্দরগুলিতে জ্বালানি, পুনঃপূরণ এবং রক্ষণাবেক্ষণের জন্য "নতুন সুযোগের" উপর নির্ভর করবে। এই যুক্তি অনুসরণ করে, রাশিয়া ভারত মহাসাগরে তার "বিশ্বব্যাপী সামরিক অবস্থান" এবং কার্যক্রম বৃদ্ধির জন্য ভারতীয় সুযোগ-সুবিধাগুলির প্রাপ্যতা থেকে উপকৃত হতে পারে।
রিলস দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে ভারত ও রাশিয়ার মধ্যে স্থায়ী প্রতিরক্ষা সহযোগিতা এবং পারস্পরিক আগ্রহের দিকে ইঙ্গিত করে।
বাস্তবে, এই ধরনের মতামত কিছুটা অতিরঞ্জিত বলে মনে হচ্ছে। চুক্তিটি মনোযোগ সহকারে পড়লে এর পরিভাষাগত প্রকৃতি প্রকাশ পায়, এবং দেখা যায় দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতার বিদ্যমান অনুশীলন থেকে কোনও উল্লেখযোগ্য বিচ্যুতি নেই। এর প্রাথমিক লক্ষ্য হল মহড়ার সময় দ্বিপাক্ষিক কর্মকাণ্ডকে সহজতর করা। পাঠ্যটিতে স্পষ্টভাবে সেনা মোতায়েন বা একে অপরের নির্ধারিত ঘাঁটিতে প্রবেশাধিকার দেওয়ার জন্য কোনও নতুন বিধান উল্লেখ করা হয়নি, যা এই বিষয়টিকে অস্পষ্ট করে রেখেছে। আগের মতোই, বন্দরে আসার জন্য যে কোনও প্রয়োজনের ক্ষেত্রে কেস-বাই-কেস ভিত্তিতে সমন্বয় প্রয়োজন হবে। সমস্ত আমলাতান্ত্রিক আনুষ্ঠানিকতা পালন এবং আগে থেকে আবেদন দাখিল করার পরেই বিদেশি সৈন্যরা যৌথ মহড়ার জন্য অংশীদার রাষ্ট্রের ভূখণ্ডে প্রবেশ করতে পারে।
ভারত ও রাশিয়ার যুদ্ধজাহাজের বন্দরে আসা, জ্বালানি ভরা বা পরিষেবা প্রদানের ক্ষেত্রে কোনও অগ্রগতি চিহ্নিত করা কঠিন। প্রকৃতপক্ষে, লজিস্টিক সহায়তা বিনিময়ের চুক্তি ছাড়াই, ভারতীয় নৌবাহিনীর জাহাজগুলি পূর্বে দ্বিপাক্ষিক মহড়া, বন্ধুত্বপূর্ণ সফর এবং দীর্ঘ পাল্লার মোতায়েনের সময় পুনরায় মজুদ করার জন্য ঘন ঘন রাশিয়ার বন্দরে গিয়েছে। উদাহরণস্বরূপ, একবিংশ শতাব্দীতে, ভারতীয় যুদ্ধজাহাজ আটবার ভ্লাদিভোস্তকে পৌঁছেছে। তবে শেষবারের মতো যাওয়ার ঘটনা বেশ কিছুকাল আগের, ২০১৮ সালে ইন্দ্র নৌবাহিনীর মহড়ার সময়কার।
রিলস দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে ভারত ও রাশিয়ার মধ্যে স্থায়ী প্রতিরক্ষা সহযোগিতা এবং পারস্পরিক আগ্রহের দিকে ইঙ্গিত করে। চুক্তিটি দ্বিপাক্ষিক মহড়ায় নতুন প্রাণ সঞ্চারের জন্য একটি প্রাতিষ্ঠানিক কাঠামো প্রদান করে, যা পূর্ববর্তী বছরগুলিতে কোভিড-১৯ অতিমারি এবং ইউক্রেনের যুদ্ধের কারণে ব্যাহত হয়েছিল। যাই হোক, রিলস-এর কৌশলগত তাৎপর্যকে অতিরঞ্জিত করা উচিত নয়। এর কার্যকারিতা ভারত এবং রাশিয়ার ভূ-রাজনৈতিক দৃষ্টিভঙ্গির সমন্বয়ের উপর নির্ভর করবে, সেই সঙ্গে দূরবর্তী অঞ্চলে ক্ষমতা প্রদর্শনের জন্য তাদের নিজ নিজ আগ্রহের উপরও। যতক্ষণ পর্যন্ত ইন্দো-প্যাসিফিক মহাসাগরে তাদের নৈকট্য প্রশ্নবিদ্ধ থাকবে এবং আর্কটিক (ভারতের ক্ষেত্রে) ও ভারত মহাসাগরে (রাশিয়ার ক্ষেত্রে) তাদের কৌশলগত উপস্থিতি সীমিত থাকবে, ততক্ষণ পর্যন্ত রিলস সম্ভবত শুধুই একটি পরিভাষাগত উদ্দেশ্যই পালন করবে।
আলেক্সেই জাখারভ হলেন অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের স্ট্র্যাটেজিক স্টাডিজ প্রোগ্রামের রাশিয়া ও ইউরেশিয়া ফেলো।
The views expressed above belong to the author(s). ORF research and analyses now available on Telegram! Click here to access our curated content — blogs, longforms and interviews.
Aleksei Zakharov is a Fellow with ORF’s Strategic Studies Programme. His research focuses on the geopolitics and geo-economics of Eurasia and the Indo-Pacific, with particular ...
Read More +