Author : Soma Sarkar

Expert Speak Raisina Debates
Published on Mar 13, 2026 Updated 0 Hours ago

যদিও এআই রূপান্তরমূলক সম্ভাবনার প্রতিশ্রুতি দেয়, এর ক্রমবর্ধমান জল ব্যবহার জরুরি মনোযোগ দাবি করে। বাস্তুতন্ত্রগত দায়িত্বের সঙ্গে উদ্ভাবনের ভারসাম্য বজায় রাখার জন্য ডেটা সেন্টার ডিজাইনে জলের বৃত্তাকার অনুশীলনগুলিকে একীভূত করা অপরিহার্য।

এআই-এর ক্রমবর্ধমান জল ব্যবহার এবং বৃত্তাকার পথের পক্ষে যুক্তি

যদিও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-‌র প্রয়োগের ক্ষেত্রে প্রচুর সম্ভাবনা রয়েছে, পরিবেশের উপর এর প্রভাবের কারণে এর টেকসই ব্যবহার এবং স্থাপনা নিশ্চিত করার জন্য আরও নিবিড় পর্যবেক্ষণ প্রয়োজন। গবেষণায় দেখা গিয়েছে যে, এআই ডেটা সেন্টারগুলি ইলেকট্রনিক বর্জ্য উৎপাদন করে, প্রচুর পরিমাণে জল ব্যবহার করে, গুরুত্বপূর্ণ খনিজ ও বিরল উপাদানের উপর নির্ভর করে, এবং প্রচুর পরিমাণে বিদ্যুৎ ব্যবহার করে। এটি একটি আপাত-‌বৈপরীত্য (‌প্যারাডক্স)‌ উপস্থাপন করে: এআই এর কম্পিউটিং ক্ষমতা উৎপাদনশীলতা বৃদ্ধি করে এবং সম্পদ সংরক্ষণ করে, আবার একই সঙ্গে তারা শক্তি ও জল ব্যবহারের ব্যাপক বৃদ্ধি ঘটায়। উদাহরণস্বরূপ, চ্যাটজিপিটি-‌র প্রশিক্ষণের জন্য ১.২৮৭ গিগাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ খরচ হয়, যা ১২০টি মার্কিন পরিবারের বার্ষিক বিদ্যুৎ ব্যবহারের প্রায় সমান। অন্যদিকে, বৃহৎ আয়তনের ডেটা সেন্টারগুলি জলের অপচয় করে, কারণ নির্মাণের সময় এবং একবার চালু হলে বৈদ্যুতিক উপাদানগুলিকে ঠান্ডা করার জন্য তাদের প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয়।


এই সম্পদ-উন্নয়ন-জনসম্প্রদায়-শহর সংঘাত আকস্মিক নয়, বরং সামাজিক-প্রযুক্তিগত সমাবেশের অন্তর্নিহিত, যা এআই সিস্টেমগুলিকে টিকিয়ে রাখে।



ইতিমধ্যেই জল-সঙ্কটে জর্জরিত বিশ্বে এই লেনদেনগুলিকে সাবধানতার সঙ্গে পরীক্ষা করা উচিত, কারণ ডেটা সেন্টারগুলি অনেক জায়গায় প্রযুক্তিগত অগ্রগতি এবং পরিবেশগত স্থায়িত্বের মধ্যে সংঘাত তৈরি করেছে। উদাহরণস্বরূপ, চিলি ২০২১ সালে তার প্রথম জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা নীতি চালু করে, যা ২০২৪ সালে আপডেট করা হয়। লক্ষ্য ছিল ডিজিটালাইজেশন এবং স্থায়িত্বের চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠতে প্রযুক্তি বিনিয়োগ আকর্ষণ করে দেশটিকে দক্ষিণ গোলার্ধের একটি 'বৈশ্বিক কেন্দ্র' হিসেবে রূপান্তরিত করা। ২০১৯ সালে, গুগল চিলির সান্তিয়াগোর সেরিলোস পৌরসভায় ২০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের মাধ্যমে একটি দ্বিতীয় ডেটা সেন্টার নির্মাণের প্রস্তাব করেছিল, যার নকশার মধ্যে প্রতি সেকেন্ডে ১৬৯ লিটার জল উত্তোলন করে তার সার্ভারগুলিকে ঠান্ডা করার ব্যবস্থা রাখা হয়েছিল। প্রকল্পটি স্থানীয় জনসম্প্রদায়ের কাছ থেকে প্রতিরোধের মুখোমুখি হয়েছিল, যা দেখিয়েছিল যে কীভাবে এআই-নেতৃত্বাধীন পরিকাঠামো সম্প্রসারণ দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারে, যার মধ্যে রয়েছে খরা, ভূগর্ভস্থ জলের অবক্ষয় এবং দীর্ঘস্থায়ী জল বৈষম্য।

এই সম্পদ-উন্নয়ন-জনসম্প্রদায়-শহর সংঘাত আকস্মিক নয়, বরং সামাজিক-প্রযুক্তিগত সমাবেশের অন্তর্নিহিত, যা এআই সিস্টেমগুলিকে টিকিয়ে রাখে। ব্রুনো লাটোরের যুক্তি অনুসারে, এআই বাস্তুতন্ত্র হল সার্ভার, অ্যালগরিদম, খনিজ, জল, কর্মী, শক্তি গ্রিড এবং বাস্তুতন্ত্রের একটি সংকর সমাবেশ যা, সহ-গঠনকারী এজেন্ট হিসাবে একত্রে কাজ করে। অতএব, এআই এর বাস্তুতন্ত্র পদচিহ্ন হল ভিন্ন ভিন্ন নেটওয়ার্কের প্রত্যক্ষ প্রকাশ যা এটি সংগঠিত করে, এবং কোনও পার্শ্ব প্রতিক্রিয়া নয়। গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, এআইএর বৃদ্ধি এবং এর সম্পদের চাহিদাকে গ্রহের সীমানা এবং বর্তমান বাস্তুতান্ত্রিক প্রেক্ষাপটের সঙ্গে কীভাবে সামঞ্জস্যপূর্ণ করা যায়।

এআই এবং জল খরচ

এআই-এর জলের প্রভাব তিনটি ক্ষেত্রে বিস্তৃত: ১) অন-সাইট ডেটা সেন্টার কুলিং, ২) বিদ্যুৎ উৎপাদন, এবং ৩) সেমিকন্ডাক্টর উৎপাদন। সাধারণত, এআই-এর  জল ব্যবহারের সবচেয়ে বেশি অংশ বিদ্যুৎ উৎপাদনের পরে শীতলকরণের কাজে ব্যবহৃত হয়। ১১টি আফ্রিকার দেশে লামা-৩-৭০বি এবং জিপিটি-৪-এর জল ব্যবহারের তুলনামূলক মূল্যায়নে দেখা গেছে যে, লামা-৩-৭০বি-কে দিয়ে ১০ পৃষ্ঠার একটি প্রতিবেদন তৈরি করতে প্রায় ০.৬ লিটার জল খরচ হয়েছে, যেখানে জিপিটি-৪-এর ক্ষেত্রে একই প্রতিবেদন তৈরি করতে প্রায় ৫৩ লিটার জল খরচ হয়েছে। বিশ্বের জনসংখ্যার ৩৩ শতাংশ এখনও অফলাইনে থাকায়, ভবিষ্যতে এই চাহিদা বৃদ্ধি পাবে বলে অনুমান করা হচ্ছে।

এই ধরনের জলের চাহিদা এবং ব্যবহার কীভাবে অঞ্চল-নির্দিষ্ট জলের ভূগোলকে প্রভাবিত করে তা বিবেচনা করাও গুরুত্বপূর্ণ, কারণ জলের চাপের বিদ্যমান স্তরের উপর নির্ভর করে এক লিটার জলের মূল্য  স্থান অনুসারে পরিবর্তিত হয়।



এআই-সম্পর্কিত জলের ব্যবহার ঋতু এবং দিনের সময়ের সঙ্গে পরিবর্তিত হয়। গবেষণায় দেখা গিয়েছে যে শীতকালের তুলনায় গ্রীষ্মে জলের ব্যবহার ২৩ শতাংশ বেশি হয়, কারণ শীতকালের চাহিদা বৃদ্ধি পায়। সামগ্রিকভাবে, এই জলের চাহিদা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। উদাহরণস্বরূপ, গুগলের ডেটা সেন্টারগুলি ২০২৩ সালে ৫.৬ বিলিয়ন গ্যালন জল ব্যবহার করেছে, যা ২০২২ সালের তুলনায় ২৪ শতাংশ বেশি। এই ডেটা সেন্টারগুলিতে হাজার হাজার সার্ভার রয়েছে যা ২৪/৭ চালু থাকে, প্রচুর তাপ উৎপন্ন করে এবং পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা না হলে অতিরিক্ত গরমের কারণে ব্যর্থতার ঝুঁকি তৈরি করে। ২০২২ সালে, যুক্তরাজ্যে তাপপ্রবাহের সময় ঠান্ডা হওয়ার সমস্যা দেখা দেওয়ার কারণে লন্ডনে  গুগল ও ওরাকল ডেটা সেন্টার বন্ধ করে দিতে বাধ্য হয়। এদিকে, অ্যামাজনের বিশ্বব্যাপী ১০০টিরও বেশি ডেটা সেন্টার রয়েছে, যেগুলির প্রতিটিতে ক্লাউড কম্পিউটিং পরিষেবা প্রদানের জন্য ৫০,০০০ সার্ভার রয়েছে।

এই ধরনের জলের চাহিদা এবং ব্যবহার কীভাবে অঞ্চল-নির্দিষ্ট জলের ভূগোলকে প্রভাবিত করে তা বিবেচনা করাও গুরুত্বপূর্ণ, কারণ জলের চাপের বিদ্যমান স্তরের উপর নির্ভর করে এক লিটার জলের মূল্য স্থান অনুসারে পরিবর্তিত হয়। নীচের চিত্র ১ দেখায় যে বেশিরভাগ ডেটা সেন্টার হাবগুলি ইতিমধ্যেই  জলের ঘাটতি, খরা, বন্যা এবং জলের গুণমানের অবনতির মুখোমুখি অঞ্চলে নির্মিত হচ্ছে। উদাহরণস্বরূপ, যদিও উত্তর-পূর্ব ব্রাজিলের একটি শহর কাউসাইয়া  জলের চাপের মধ্যে রয়েছে, প্রযুক্তি সংস্থাগুলি আন্তর্জাতিক সমুদ্রতলের ডেটা কেবলের কাছে কৌশলগত অবস্থানের কারণে সেখানে ডেটা সেন্টার স্থাপন করেছে।

চিত্র ১: জল-সঙ্কটপূর্ণ অঞ্চলে ডেটা সেন্টার

Ai S Expanding Water Footprint And The Case For Circularity

সূত্র: দ্য গার্ডিয়ান

ডিজিটালাইজেশন, ক্লাউড ব্যবহার এবং  ডেটা সেন্টার নীতির মতো উদ্যোগের মাধ্যমে ভারতের সম্ভাব্য  ডেটা সেন্টার নির্মাণের গতিবৃদ্ধি ইতিমধ্যেই জল-সঙ্কটে থাকা দেশটির মৌলিক পরিকাঠামোর উপর আরও চাপ সৃষ্টি করবে বলে অনুমান করা হচ্ছে। মুম্বই, চেন্নাই ও হায়দরাবাদ-‌সহ মেগাসিটিগুলি ইতিমধ্যেই জলবায়ু ঝুঁকি, জলের ঘাটতি এবং গার্হস্থ্য ও শিল্পক্ষেত্রে প্রতিযোগিতামূলক জলের চাহিদার সঙ্গে লড়াই করছে। এই ধরনের সংবেদনশীল জল-বাস্তুতন্ত্রগত প্রেক্ষাপটে জল-নিবিড় ডিজিটাল পরিকাঠামোর সম্প্রসারণ কাঠামোগত ভারসাম্যহীনতা প্রতিফলিত করে এবং ডিজিটাল রূপান্তরের বাস্তুতন্ত্রগত বাহ্যিকতা সম্পর্কে উদ্বেগ তৈরি করে।

বৃত্তাকার পথের দিকে

এআই-এর বাস্তুতন্ত্রগত পদচিহ্নকে স্বীকৃতি দিয়ে, ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র (‌ইউএস) এই চ্যালেঞ্জগুলি মোকাবিলা করার জন্য আইন প্রণয়ন শুরু করেছে, যদিও এই জাতীয় নীতিগুলি নিয়ম হয়ে ওঠার পরিবর্তে ব্যতিক্রম হিসেবে রয়ে গিয়েছে। ডেটা সেন্টারগুলিতে ব্যবহৃত প্রায় ৮০ শতাংশ জল বাষ্পীভূত হয়, আর অবশিষ্টাংশ পৌরসভার বর্জ্য জল ব্যবস্থায় নির্গত হয়। এটি জল পুনর্ব্যবহারের জন্য এবং এর সামগ্রিক জলের পদচিহ্ন কমানোর জন্য এআই জল বাস্তুতন্ত্রের মধ্যে বৃত্তাকার পথ সংযুক্ত করার উল্লেখযোগ্য সুযোগ নিয়ে আসে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যে, মাইক্রোসফ্ট ও কুইন্সি শহর ডেটা সেন্টার থেকে ফেলে দেওয়া শীতল জল পুনর্ব্যবহারের জন্য কুইন্সি ওয়াটার রিইউজ ইউটিলিটি তৈরিতে সহযোগিতা করেছে, যার ফলে পানীয় জলের উৎসের উপর চাপ কমবে। জর্জিয়ার ডগলাস কাউন্টিতেও একই ধরনের পদ্ধতি চালু করা হয়েছে, যেখানে গুগল তার ডেটা সেন্টার ঠান্ডা করার জন্য পৌরসভার বর্জ্য জল ব্যবহার করছে। একইভাবে, ২০টি অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিউএস) ডেটা সেন্টার তাদের শীতল করার জন্য পরিশোধিত বর্জ্য জল ব্যবহার করছে, এবং ২০৩০ সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ১২০টিরও বেশি স্থানে এই অনুশীলন সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।


ডেটা সেন্টারগুলিতে ব্যবহৃত প্রায় ৮০ শতাংশ জল বাষ্পীভূত হয়, আর অবশিষ্টাংশ পৌরসভার বর্জ্য জল ব্যবস্থায় নির্গত হয়। এটি জল পুনর্ব্যবহারের জন্য এবং এর সামগ্রিক জলের পদচিহ্ন কমানোর জন্য এআই জল বাস্তুতন্ত্রের মধ্যে বৃত্তাকার পথ সংযুক্ত করার উল্লেখযোগ্য সুযোগ নিয়ে আসে।



কিছু জায়গায়, সাইটে বৃষ্টির জল সংগ্রহ শীতলীকরণের চাহিদা পূরণ করতে পারে এবং ঝড়ের জলের প্রবাহ কমাতে পারে। ডেটা সেন্টার থেকে ফেলে দেওয়া শীতল জল সেচের জন্যও ব্যবহার করা যেতে পারে। উদাহরণস্বরূপ, মেটা জলের পরিকাঠামোতে বিনিয়োগ করেছে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের আইডাহোতে ব্যয়িত শীতল জল অ-‌খাদ্য ফসলের সেচের জন্য ব্যবহার করতে দেয়। একইভাবে, ডেনমার্কের ওডেন্স ডেটা সেন্টার পরোক্ষ বাষ্পীভবন শীতলকরণ প্রযুক্তির মাধ্যমে শীতলীকরণের জন্য বাইরের বাতাস ব্যবহার করে। এটি স্থানীয় বসতিগুলিকে উষ্ণ করার জন্য অবশিষ্ট তাপ ব্যবহার করে। সার্ভারগুলিকে ঠান্ডা করার পর, উত্তপ্ত বাতাসকে জলের কয়েলের মাধ্যমে জল গরম করার জন্য ব্যবহার করা হয়, যা জেলার হিটিং নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত থাকে এবং স্থানীয় জনসম্প্রদায়ে পৌঁছয়। এই তাপ পুনরুদ্ধারের পরিকাঠামোর প্রতি বছর ১০০,০০০ এমডব্লিউএইচ শক্তি পুনরুদ্ধার করার ক্ষমতা রয়েছে, যা ৬,৯০০টি বাড়িকে উষ্ণ করার জন্য যথেষ্ট।

এই উদাহরণগুলি প্রমাণ করে যে, এআই বাস্তুতন্ত্রের মধ্যে বৃত্তাকারপথ সংযুক্ত করা সম্ভব এবং প্রয়োজনীয়। গবেষণায় দেখা গিয়েছে যে যেখানে ক্লোজড-লুপ কুলিং সিস্টেম, বর্জ্য জল পুনর্ব্যবহার এবং বৃষ্টির জল সংগ্রহের মতো অনুশীলনগুলি বাস্তবায়িত হয়, সেখানে ৫০-৭০ শতাংশ মিষ্টি জলের সাশ্রয় সম্ভব। যদিও এই ধরনের উদ্যোগগুলি মূলত উচ্চ-আয়ের ভৌগোলিক অঞ্চলে কেন্দ্রীভূত, তারা বিশ্বব্যাপী আয়তনবৃদ্ধির সম্ভাবনাগুলি চিত্রিত করে।

উপসংহার

আজ জল, শক্তি এবং কম্পিউটিং হল আন্তঃসংযুক্ত ব্যবস্থা    — পরস্পর নির্ভরশীল, গতিশীল এবং অরক্ষিত। এই জটিল বাস্তবতা পরিচালনা করার জন্য একটি সিস্টেম-থিঙ্কিং পদ্ধতির প্রয়োজন। স্থায়িত্ব নিশ্চিত করার জন্য জল এবং এআই-‌এর মধ্যে সম্পর্ককে সহজাতভাবে পারস্পরিক হিসেবে কল্পনা করতে হবে। একদিকে, সম্পদের বুদ্ধিদীপ্ত, বৃত্তাকার এবং দক্ষ ব্যবহারের মাধ্যমে এআই পরিকাঠামোয় জলের প্রভাব কমানো হল দর-‌কষাকষির অতীত একটি অপরিহার্য বিষয়। অন্যদিকে, জল সংকট এবং শাসন চ্যালেঞ্জ মোকাবিলায় ডেটা-চালিত সিদ্ধান্ত গ্রহণের জন্য এআই-এর বিশ্লেষণাত্মক এবং ভবিষ্যদ্বাণীমূলক ক্ষমতা ব্যবহার করতে হবে। পরিবেশগত তত্ত্বাবধান এবং জল সংরক্ষণের সঙ্গে প্রযুক্তিগত অগ্রগতির ভারসাম্য বজায় রাখা একটি অপরিহার্য বিষয়, কারণ এটি আমাদের ডিজিটাল ভবিষ্যতের সঙ্গে জড়িত।



সোমা সরকার অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের নগর অধ্যয়ন কর্মসূচির অ্যাসোসিয়েট ফেলো।

The views expressed above belong to the author(s). ORF research and analyses now available on Telegram! Click here to access our curated content — blogs, longforms and interviews.