-
CENTRES
Progammes & Centres
Location
এই প্রতিবেদনটি সর্বপ্রথম প্রকাশিত হয় ওআরএফ মিডল ইস্ট-এ।
উদীয়মান বাজারে বৈদ্যুতিক যান
চিন, ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বৈদ্যুতিক গাড়ির (ইভি) বিক্রিই বেশি মনোযোগ আকর্ষণ করলেও প্রবৃদ্ধি, লাভজনকতা এবং দীর্ঘমেয়াদি বাজার আধিপত্যের পথটি রয়েছে উদীয়মান বাজারেই। টাটা মোটরস এবং ভিনফাস্টের মতো সংস্থাগুলি দেখিয়েছে যে, উদীয়মান বাজারের দেশীয় নির্মাতারা প্রতিষ্ঠিত গাড়ি নির্মাতাদের সঙ্গে প্রতিযোগিতা করতে পারে। যদিও উদীয়মান অর্থনীতির বৈদ্যুতিক যান নির্মাতারা উল্লেখযোগ্য প্রতিকূলতার সম্মুখীন হয়, তবুও তাদের কিছু বাজারের সুবিধাও রয়েছে।
বেশির ভাগ উদীয়মান বাজারে বাস ও দুই চাকার গাড়ির ক্ষেত্র ছাড়া অন্যান্য ক্ষেত্রে বৈদ্যুতিক যানের প্রতি দেশীয় বেসরকারি খাতের আগ্রহ কম। এর জন্য প্রয়োজন বিদ্যুৎ এবং চার্জিং পরিকাঠামোর জন্য সরকারের উল্লেখযোগ্য বিনিয়োগ ও ভোক্তাদের জন্য ভর্তুকিযুক্ত গাড়ির মূল্য। যেহেতু বৈদ্যুতিক যানের সরবরাহ শৃঙ্খলের সংস্থাগুলির জন্য প্রয়োজনীয় নকশা ও প্রকৌশলের জন্য বিশেষায়িত শ্রমিকের সীমিত সুযোগ রয়েছে, তাই এই খাতের জন্য হয় বিদ্যমান কর্মীদের পুনঃপ্রশিক্ষণ অথবা দক্ষ শ্রমিক আমদানি করা প্রয়োজন।
বৈদ্যুতিক যানের সরবরাহ শৃঙ্খলের জন্য প্রয়োজনীয় অনেক কাঁচামাল এবং খনিজ - যেমন নিকেল - উদীয়মান বাজারেই অবস্থিত। এটি আন্তর্জাতিক মূল সরঞ্জাম প্রস্তুতকারকদের (ওইএম) জন্য একটি প্রণোদনা তৈরি করে, যাতে তারা তাদের ব্যাটারি এবং গাড়ির যন্ত্রাংশের সরবরাহ শৃঙ্খলের জন্য খনিজ অধিকার ও মূল্যের স্থিতিশীলতা নিশ্চিত করতে এই বাজারগুলিতে তাদের উৎপাদন কেন্দ্র স্থাপন করে। বিদ্যমান খনি, স্বয়ংচালিত উৎপাদন এবং রফতানি পরিকাঠামো যৌথ উদ্যোগের সুযোগ তৈরি করে, যা আন্তর্জাতিক ওইএম-দের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের মাধ্যমে উদীয়মান বাজারে প্রবেশ করতে সক্ষম করে। প্রতিটি দেশ স্বতন্ত্র পরিবহণ চ্যালেঞ্জের সম্মুখীন হয় এবং প্রাথমিক ভাবে গৃহীত বৈদ্যুতিক যানগুলি চিন, ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া যানগুলি থেকে আলাদা হতে পারে। দুই ও তিন চাকার যান, ট্যাক্সি, রাইড শেয়ার, গণপরিবহণ এবং ডেলিভারি যানগুলি একটি নির্দিষ্ট বাজারে বিক্রি হওয়া বৈদ্যুতিক যানের প্রাথমিক বিভাগ হতে পারে এবং সেগুলির চলার মেয়াদ চিনা, মার্কিন এবং ইউরোপীয় মডেলগুলির তুলনায় উল্লেখযোগ্য রকমের ভিন্ন হতে পারে।
প্রতিটি দেশ স্বতন্ত্র পরিবহণ চ্যালেঞ্জের সম্মুখীন হয় এবং প্রাথমিক ভাবে গৃহীত বৈদ্যুতিক যানগুলি চিন, ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া যানগুলি থেকে আলাদা হতে পারে।
মেক্সিকো, তাইল্যান্ড, ফিলিপিন্স, ইন্দোনেশিয়া এবং দক্ষিণ আফ্রিকার মতো উল্লেখযোগ্য গাড়ি রফতানি বাজার রয়েছে এমন দেশগুলির জন্য সরকারগুলির এখনই সঠিক ইভি (ইলেকট্রিক ভেহিকেল) প্রণোদনা ব্যবস্থা চালু করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর উদ্দেশ্য হল তাদের দেশীয় গাড়ি নির্মাতারা যেন আন্তর্জাতিক ওএমই-দের (অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার) কাছে অভ্যন্তরীণ বাজারের অংশীদারিত্ব না হারায় এবং অন্য গাড়ি রফতানিকারকদের বিরুদ্ধে প্রতিযোগিতায় টিকে থাকতে পারে। উদাহরণস্বরূপ, দক্ষিণ আফ্রিকা ও ইন্দোনেশিয়ার সরকারগুলি বেসরকারি খাতের গাড়ি নির্মাতাদের কাছ থেকে উল্লেখযোগ্য চাপের সম্মুখীন হচ্ছে, যাতে দীর্ঘমেয়াদি ইভি উৎপাদন বিনিয়োগের ঝুঁকি কমানোর জন্য বৈদ্যুতিক গতিশীলতার প্রণোদনার ক্ষেত্রে একটি দীর্ঘমেয়াদি, ধারাবাহিক নীতি কাঠামো তৈরি করা হয়।
সাম্প্রতিক ঘটনাপ্রবাহ
বর্তমান মার্কিন প্রশাসন বৈদ্যুতিক গতিশীলতার উপর তাদের আক্রমণ তীব্রতর করেছে, যার মধ্যে রয়েছে অভ্যন্তরীণ ইভি কর প্রণোদনা প্রত্যাহার, দূষণহীন শক্তি এবং ব্যাটারি গবেষণা ও উন্নয়ন অনুদান বাতিল করা এবং আন্তর্জাতিক শিপিংয়ে কার্বন নিঃসরণ কমানোর প্রচেষ্টার উপর আক্রমণ। ইভি-র প্রতি এই বৈরিতা সত্ত্বেও মার্কিন ওএমই-রা বৈশ্বিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য উৎপাদনে বিনিয়োগ করা থেকে বিরত থাকবে না।
এ দিকে, এ বছর চিনে ইভি বিক্রি ঐতিহ্যবাহী অভ্যন্তরীণ দহন ইঞ্জিন (আইসিই) গাড়ির বিক্রিকে ছাড়িয়ে যাবে। চিনা গাড়ি নির্মাতাদের মধ্যে তীব্র প্রতিযোগিতা গাড়ির দাম কমাচ্ছে এবং উদ্ভাবনকে উৎসাহিত করছে, যার ফলে এই বিষয়ে একটি জোরালো বিতর্ক চলছে যে, বিওয়াইডি না কি টেসলা… কে সেরা মানের বৈদ্যুতিক/স্বয়ংক্রিয় গাড়ি তৈরি করছে।
২০২৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে ইভি বিক্রি ধীর হয়ে গেলেও বিশ্বব্যাপী এটি শক্তিশালী অবস্থানে রয়েছে, যদিও দাম কমার গতি ধীর হয়েছে। চিনা ইভি মডেলগুলি বহু দেশে দামের সমতা অর্জন করছে (আইইএ)। এটি সম্ভবত শক্তিশালী অভ্যন্তরীণ গাড়ি উৎপাদন খাত রয়েছে এমন উদীয়মান অর্থনীতিগুলিতে সংরক্ষণবাদী আমদানি শুল্ক আরোপ করতে বাধ্য করবে — এবং বিশ্বব্যাপী ওএমই-দের তাদের ইভি উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য রূপান্তরমূলক বিনিয়োগ চালিয়ে যেতে বাধ্য করবে, বিশেষ করে সেই সব গাড়ি নির্মাতাদের জন্য যাদের ইউরোপীয় বাজারে উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। কারণ তাদের ২০২৬ সালে সিবিএএম (কার্বন বর্ডার অ্যাডজাস্টমেন্ট মেকানিজম) বাস্তবায়ন এবং ২০৩৫ সালে সিও২-নিঃসরণকারী গাড়ির ব্যবহার বন্ধ করার নিয়ম মেনে চলতে হবে।
বর্তমান মার্কিন প্রশাসন বৈদ্যুতিক গতিশীলতার উপর তাদের আক্রমণ তীব্রতর করেছে, যার মধ্যে রয়েছে অভ্যন্তরীণ ইভি কর প্রণোদনা প্রত্যাহার, দূষণহীন শক্তি এবং ব্যাটারি গবেষণা ও উন্নয়ন অনুদান বাতিল করা এবং আন্তর্জাতিক শিপিংয়ে কার্বন নিঃসরণ কমানোর প্রচেষ্টার উপর আক্রমণ।
উদীয়মান বাজারগুলিতে বৈদ্যুতিক গাড়ির বিক্রি কম থাকলেও বৈদ্যুতিক দুই ও তিন চাকার গাড়ির দ্রুত প্রসার ঘটেছে। এই চাহিদা মেটাতে আঞ্চলিক ব্যাটারি এবং যানবাহন উৎপাদন ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি উদীয়মান বাজারগুলিতে দেশীয় বৈদ্যুতিক গাড়ি নির্মাতাদের প্রতিযোগিতামূলক থাকার একটি সুযোগ রয়েছে — বিশেষ করে যদি তারা এমন গাড়ির বিভাগগুলিতে (যেমন বাস এবং দুই চাকার গাড়ি) চাহিদা পূরণ করতে পারে, যেগুলির জন্য অনন্য আঞ্চলিক প্রয়োজনীয়তা রয়েছে এবং আন্তর্জাতিক গাড়ি নির্মাতাদের পক্ষে যা মানিয়ে নেওয়া কঠিন হতে পারে।
সুপারিশসমূহ
বেসরকারি খাত এবং বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংকগুলির জন্য বৈদ্যুতিক গাড়ির বিনিয়োগের ঝুঁকি কমাতে বিভিন্ন তথ্যের ঘাটতি পূরণ করা প্রয়োজন। আন্তর্জাতিক দাতাগোষ্ঠী এবং অন্য সরকারি খাতের সংস্থাগুলির এমন প্রযুক্তিগত সহায়তায় বিনিয়োগ করার কথা বিবেচনা করা উচিত, যা বৈদ্যুতিক গাড়ির প্রসারের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির সমাধান করে। যেমন - ব্যাটারির পুনঃব্যবহার/বৃত্তাকার অর্থনীতি, চার্জিং পরিকাঠামোর জন্য জমির প্রয়োজনীয়তা এবং মালিকানা মডেল, এবং ভ্রমণ/ট্রিপের তথ্য বিশ্লেষণ সম্পর্কিত বিষয়গুলি।
শুল্ক এবং স্থানীয় উপাদান ব্যবহারের প্রয়োজনীয়তার আকারে সংরক্ষণবাদ তখনই কাজ করে, যখন দেশীয় উৎপাদন, পরিকাঠামো এবং সরবরাহ শৃঙ্খল উন্নয়নে উৎসাহিত করার জন্য পর্যাপ্ত জাতীয় প্রণোদনা থাকে। নীতিনির্ধারকদের অবশ্যই বৈদ্যুতিক গাড়ির বাস্তুতন্ত্র জুড়ে প্রণোদনা প্রদান করতে হবে, যাতে বেসরকারি খাত থেকে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা যায় (যেমন গাড়ি নির্মাতা, চার্জ পয়েন্ট অপারেটর, ফ্লিট ম্যানেজার ইত্যাদি)।
উদীয়মান বাজারগুলিতে বৈদ্যুতিক গাড়ির উন্নয়ন এবং প্রসারে আগ্রহী নীতিনির্ধারকদের জন্য নিম্নলিখিত সুপারিশগুলি করা হল:
১. অনুঘটক হিসেবে সরকারি খাতের বিনিয়োগ
বেশিরভাগ দেশই বৈদ্যুতিক গাড়ির উন্নয়নের জন্য বেসরকারি খাতের বিনিয়োগ এবং বড় ওইএম ও অন্যান্য উল্লেখযোগ্য গবেষণা ও উন্নয়ন সুবিধাসম্পন্ন সংস্থাগুলির সঙ্গে অংশীদারিত্ব করতে চায়। ভারতের ফেম প্রকল্পটি একটি চমৎকার উদাহরণ যে, কী ভাবে দেশীয় বেসরকারি খাতের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে সরবরাহ-পক্ষ এবং চাহিদা-পক্ষের প্রণোদনাগুলোকে একত্রিত করে দেশীয় ভাবে নির্মিত, সাশ্রয়ী মূল্যের বৈদ্যুতিক গাড়ির মডেল অর্জনের জন্য প্রয়োজনীয় মাত্রা এবং ক্রয়ক্ষমতা তৈরি করা যায়। তবে একটি উল্লেখযোগ্য রফতানি বাজার ছাড়া দেশীয় ভাবে নির্মিত বৈদ্যুতিক গাড়ির খরচ কমাতে প্রয়োজনীয় ইকোনমি অফ স্কেল (অর্থনীতির মাত্রা) অর্জনের জন্য বেশিরভাগ দেশেরই পর্যাপ্ত বাজারের আকার নেই।
এ কথাও সত্য যে, যদি শুধুমাত্র রফতানির উপর নির্ভর করা হয়, তবে দেশীয় বৈদ্যুতিক গাড়ি উৎপাদন লাভজনক হবে না (আন্তর্জাতিক গাড়ি নির্মাতাদের প্রতিযোগিতা এবং বর্ধিত পরিবহণ/সরবরাহ শৃঙ্খল খরচের কারণে)। যদি কোনও জাতীয় সরকার বৈদ্যুতিক গাড়ির জন্য দেশীয় ভোক্তাদের চাহিদা বাড়াতে স্থানীয় অবকাঠামো এবং প্রণোদনায় যথেষ্ট বিনিয়োগ না করে, তবে ওইএম সংস্থাগুলির জন্য দেশীয়ভাবে বৈদ্যুতিক গাড়ি উৎপাদনের যৌক্তিকতা প্রমাণ করা কঠিন হবে (সাধারণত দেশীয়ভাবে উৎপাদিত বৈদ্যুতিক গাড়ির অন্তত ২০% দেশে বিক্রি হওয়া প্রয়োজন)। তাইল্যান্ড এমন একটি উদাহরণ, যেখানে বৈদ্যুতিক গাড়ির সীমিত অভ্যন্তরীণ ব্যবহার এবং আমদানির প্রতিযোগিতার কারণে জাতীয় অভ্যন্তরীণ উৎপাদন প্রণোদনা পরিবর্তন করার প্রয়োজন হয়েছে।
জাতীয় নীতিনির্ধারকদের আন্তর্জাতিক এবং দেশীয় বেসরকারি খাতের গাড়ি নির্মাতাদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ রাখতে হবে। উদাহরণস্বরূপ, শিল্প সমিতিগুলি (যেমন দক্ষিণ আফ্রিকার নামসা) প্রণোদনা এবং নিয়মকানুন বেসরকারি খাতের বিনিয়োগ আকর্ষণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা নিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সরকারগুলির উচিত চার্জিং পয়েন্ট অপারেটর, ফ্লিট ম্যানেজার (রাইড শেয়ার/ডেলিভারি সংস্থা) এবং ইউটিলিটি সংস্থাগুলির সঙ্গে পরামর্শ করা, যাতে তাদের স্থানীয় বিনিয়োগের ঝুঁকি কমানোর উপায় নির্ধারণ করা যায়।
২. উপযোগিতামূলক সংস্কার
উপযোগিতার কথা বলতে গেলে, অভ্যন্তরীণভাবে বৈদ্যুতিক যান স্থাপনের ক্ষেত্রে সবচেয়ে বড় হুমকি হল চিনা আমদানি বা কর প্রণোদনার অভাব নয়, বরং গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের ঘাটতি। আসল সমস্যা হল, আগামী ৫-১০ বছরে বৈদ্যুতিক যানের চাহিদা মেটাতে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের জন্য ইউটিলিটি ও নিয়ন্ত্রক সংস্থাগুলি প্রস্তুত নয়। বিশেষ করে ডেটা সেন্টার এবং বিদ্যুদয়নের কারণে চাপ বৃদ্ধির প্রেক্ষাপটে বৈদ্যুতিক যান চার্জিংয়ের চাহিদা মেটাতে অবকাঠামো কোথায় উন্নত করতে হবে, তা ইউটিলিটিগুলির জানা অত্যন্ত জরুরি (আরএমআই)। ইউটিলিটি এবং পরিবহণ পরিকল্পনার মধ্যে সমন্বয়ের অভাবের কারণে ট্রান্সমিশন/ডিস্ট্রিবিউশন অবকাঠামোর উন্নতি সম্ভবত সক্রিয় না হয়ে বরং প্রতিক্রিয়াশীল হবে। যে ইউটিলিটিগুলি বৈদ্যুতিক যান রূপান্তর থেকে বিপুল রাজস্ব আয় করতে পারে, তাদের বুদ্ধিমানের মতো পরিকল্পনা করতে হবে এবং যুক্তিসঙ্গত শুল্ক নির্ধারণ করতে হবে, যাতে তাদের অতিরিক্ত অবকাঠামো নির্মাণে বাধ্য না হতে হয়।
সরকার/নিয়ন্ত্রক সংস্থাগুলি বৈদ্যুতিক যান চার্জিংয়ের জন্য শুল্ক নির্ধারণ ছাড়াও একাধিক ভূমিকা পালন করতে পারে। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে, তবে এতেই সীমাবদ্ধ নয়:
♣ বৈদ্যুতিক যান স্থাপনের জন্য ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন সরঞ্জামের উন্নতির জন্য ইউটিলিটি পরিকল্পনা। উদাহরণস্বরূপ, ইন্দোনেশিয়ার ইউটিলিটি সংস্থা পিএলএন সরকারি মন্ত্রণালয়, চার্জ পয়েন্ট অপারেটর এবং গাড়ি নির্মাতাদের সঙ্গে কাজ করছে, যাতে ২০৩০ সালের মধ্যে সড়কে ১ কোটি ৩০ লক্ষ বৈদ্যুতিক দুই-চাকার যান এবং ২০ লক্ষ বৈদ্যুতিক চার-চাকার যান নামানোর লক্ষ্য অর্জন করা যায়।
♣ চার্জ পয়েন্ট অপারেটরদের জন্য সরকারি-বেসরকারি মালিকানা মডেল, বিশেষ করে যেখানে জমির অভাব রয়েছে বা চার্জিং স্টেশন ইজারা দেওয়ার আইনি কাঠামো প্রাথমিক পর্যায়ে রয়েছে।
♣ বৈদ্যুতিক যান সরবরাহ সরঞ্জামের জন্য গ্রিড কোড এবং চার্জিং মান নির্ধারণ করা, যা বিদ্যমান বৈদ্যুতিক যান নির্মাতাদের সুবিধা দেবে না এবং চার্জ পয়েন্ট অপারেটরদের মধ্যে প্রতিযোগিতা সক্ষম করবে। মেক্সিকোর নিয়ন্ত্রকরা সম্প্রতি এই ভারসাম্য খুঁজে বের করার চেষ্টা করছেন।
৩. সরবরাহ শৃঙ্খলের নিরাপত্তা
বিদেশি সরকারগুলি গত পাঁচ বছরের বেশিরভাগ সময় গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের মজুদের জন্য খনিজ অধিকার সুরক্ষিত করতে ব্যয় করেছে এবং ওইএমগুলি নিকেল, লিথিয়াম এবং অন্যান্য ব্যাটারি উপকরণের ব্যয়ের নিশ্চয়তা প্রদানের জন্য খনি সংস্থাগুলির সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি সুরক্ষিত করার চেষ্টা করেছে। গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের মজুদ রয়েছে এমন দেশগুলির পরিবেশগত ও সামাজিক সুরক্ষার শিথিল প্রয়োগ সম্পর্কে সতর্ক থাকা উচিত, যা আন্তর্জাতিক বেসরকারি খাত ও দাতাদের বিনিয়োগকে ঝুঁকিতে ফেলতে পারে (উদাহরণস্বরূপ, ইন্দোনেশিয়া এবং ফিলিপিন্স)। আন্তর্জাতিক মান (যেমন আইএফসি পারফরম্যান্স স্ট্যান্ডার্ড) বজায় রাখলে বিদেশি বিনিয়োগের ঝুঁকি কমানো যায়। সম্ভব হলে সরবরাহ শৃঙ্খলে স্বচ্ছতা থাকাও গুরুত্বপূর্ণ, যা ডাউনস্ট্রিম নির্মাতাদের ইউরোপের সিবিএএম-এর প্রয়োজনীয়তা পূরণে সহায়তা করবে।
যে দেশগুলি বৈদ্যুতিক যান রূপান্তর থেকে উপকৃত হতে এবং এটিকে অভ্যন্তরীণ উৎপাদন বাড়াতে ব্যবহার করতে চায়, তাদের একটি শক্তিশালী কর্মীবাহিনী উন্নয়ন পরিকল্পনা থাকা প্রয়োজন। এর উদ্দেশ্য হল বেসরকারি খাতের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগকারীদের এই বলে বোঝানো যে, প্রকৌশল ও নকশা খাতের শ্রমশক্তির গুণমানের কারণে (যেমন ভিয়েতনাম) এবং স্বয়ংচালিত খাতের কর্মীবাহিনীকে দক্ষ করে তোলার জন্য দেশীয় প্রতিভা ও শিক্ষা/প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সমন্বয়, স্থানীয় যন্ত্রাংশ প্রস্তুতকারক এবং উৎপাদনকে সর্বোত্তম পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য সরবরাহ শৃঙ্খল ও লজিস্টিকস অবকাঠামোর উপস্থিতির কারণে দেশটিতে বিনিয়োগ করলে একটি প্রতিযোগিতামূলক সুবিধা পাওয়া যাবে।
উদীয়মান অর্থনীতিতে অনেক ভোক্তার কাছে বৈদ্যুতিক যান কেনা এখনও সাধ্যের বাইরে। নীতি ও প্রণোদনা সংক্রান্ত অনিশ্চয়তার মধ্যে বৈশ্বিক বৈদ্যুতিক গাড়ির বাজার যখন উল্লেখযোগ্য প্রতিকূলতার সম্মুখীন, তখন সরবরাহ শৃঙ্খলের উদ্বেগ, দীর্ঘমেয়াদি উৎপাদন পরিকল্পনা এবং চিনা গাড়ি নির্মাতাদের সঙ্গে প্রতিযোগিতার কারণে বেসরকারি খাতের গাড়ি নির্মাতারা বিনিয়োগ চালিয়ে যাবে। স্থানীয় উপযোগিতা, উৎপাদন এবং গুরুত্বপূর্ণ খনিজ শিল্প জুড়ে সক্ষমতা তৈরির জন্য নীতিনির্ধারকদের ধারাবাহিক নিয়ন্ত্রক ও প্রণোদনা প্রকল্প প্রণয়ন করা অত্যন্ত জরুরি, যা দেশীয় বৈদ্যুতিক গাড়ির উৎপাদন এবং বৈদ্যুতিক মডেলের ব্যবহারকে চালিত করবে। এখনকার বুদ্ধিদীপ্ত সরকারি বিনিয়োগ দীর্ঘমেয়াদি বৈদ্যুতিক গাড়ির বাজারের বৃদ্ধি এবং আন্তর্জাতিক গাড়ি নির্মাতা, চার্জিং স্টেশন অপারেটর ও বেসরকারি ফ্লিট পরিচালকদের কাছ থেকে পুঁজি বিনিয়োগের জন্য সহায়ক পরিবেশ তৈরি করতে পারে। যে নীতিনির্ধারকরা এখন বিনিয়োগ করবেন, তাঁরা তাঁদের দেশীয় স্বয়ংচালিত উৎপাদন খাতে স্থিতিস্থাপকতা তৈরি করতে পারবেন এবং একই সঙ্গে এমন একটি ভবিষ্যৎ বৈদ্যুতিক গাড়ির সরবরাহ শৃঙ্খল থেকে সুরক্ষা দিতে পারবেন, যা সৌর পিভি উৎপাদনের বর্তমান বাস্তবতার মতো দেখতে হবে।
এই প্রতিবেদনটি সর্বপ্রথম প্রকাশিত হয় ওআরএফ মিডল ইস্ট-এ।
নিবন্ধে প্রকাশিত মতামত লেখক(দের) ব্যক্তিগত।
The views expressed above belong to the author(s). ORF research and analyses now available on Telegram! Click here to access our curated content — blogs, longforms and interviews.
Andrew Fang is a former Deputy Director of the Energy Division at USAID, where he led global electric mobility and clean energy programming. For the ...
Read More +